যশোরের অভয়নগরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মন মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের মালিক দাবি করেছেন অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৬ মে) গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ায় রফিকুল ইসলামের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রবিবার (১৭ মে) দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘এক একর ৩৫ শতক মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। শনিবার (১৬ মে) বিকাল ৪টার দিকে মাছের খাবার দিয়ে ঘের থেকে বাড়ি ফিরে যান তিনি। রাত ১০টার দিকে এসে দেখেন ঘেরে মাছ মরে ভেসে রয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে তাঁর মাছের ঘেরের প্রায় ২০ মন ছোট-বড় মাছ মেরে ফেলেছে। যাতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘের মালিক আরো বলেন, ‘ঘটনার পর রবিবার দুপুর ২ টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





