ভূরুঙ্গামারী থেকে রংপুরের সঙ্গে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণ ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুরের সঙ্গে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী সহজে রংপুর যাতায়াত করতে পারবে। দ্রুত মেইল বাস সার্ভিস চালু করা না হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেওয়া হবে না।
বক্তারা বলেন, রংপুরের সঙ্গে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেইল বাস সার্ভিস চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। স্থানীয়দের দাবি জেলা প্রশাসককে জানানো হবে।





