• ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

বাগেরহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণকাজে ব্যবহৃত ঢালাই গাড়ি (নসিমন) উল্টে মো. ইসমাইল মোল্লা নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুমতী নদীর ফেরিঘাটসংলগ্ন মাদরাসা এলাকায় ঢাকা-খুলনা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসমাইল মোল্লা উপজেলার কুলিয়া গ্রামের তালুকের মাঠসংলগ্ন এলাকার আ. সবুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজ শেষে কয়েকজন শ্রমিক ঢালাই গাড়িতে করে বাড়ির জন্য রওনা দেন। গাড়িটি সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অন্য শ্রমিকরা লাফিয়ে পড়ে বা সামান্য আহত হয়ে রক্ষা পেলেও ইসমাইল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় জানাজা শেষে বড়ঘাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক বক্তব্য দেননি : পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক বক্তব্য দেননি : পানিসম্পদমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি। এদেশের মানুষ তখন থেকেই তার পেছনে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জাগরণ সৃষ্টি করেছি। নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার কারণে লক্ষ্মীপুরের চারটি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। এরমধ্যে নির্বাচনের আগে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি আল্লাহর হুকুমে এবং তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তার মাধ্যমে আপনাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নির্বাসিত জীবন থেকে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে সবশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ থেকে শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে।

আরো পড়ুন
‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রুপ করতেন, তারাই এখন নিজ নিজ এলাকার জন্য কার্ড চাচ্ছেন’

‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রুপ করতেন, তারাই এখন নিজ নিজ এলাকার জন্য কার্ড চাচ্ছেন’

 

এ্যানি আরো বলেন, প্রেসিডেন্ট জিয়া তার কাজ সমাপ্ত করতে পারেননি। মাত্র সাড়ে তিন বছরে বিভাজিত বাংলাদেশ, বিশৃঙ্খল বাংলাদেশকে তিনি জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার পর অনেক সরকার এসেছে। কিন্তু তারা স্বনির্ভর বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ ও সাম্যের বাংলাদেশটাকে ধরে রাখতে পারেননি।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন ছিলেন। কখনো মাথানত করেননি। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেলেও গিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এ বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রু মারমা ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

এরআগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরমধ্যে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১২৫১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রুপ করতেন, তারাই এখন নিজ নিজ এলাকার জন্য কার্ড চাচ্ছেন’

মংমনসিংহ প্রতিনিধি
‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রুপ করতেন, তারাই এখন নিজ নিজ এলাকার জন্য কার্ড চাচ্ছেন’
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘যারা কার্ড নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেন তারাই এখন নিজ নিজ এলাকার জন্য ফ্যামিলি কার্ড চাচ্ছেন। বর্তমান সরকার সব এলাকাতেই পর্যায়ক্রমে এই কার্ড দিবে। ফ্যামিলি কার্ড একজন নারীর জন্য চালিকাশক্তি হবে। বাড়াবে মনশক্তি। এখন নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ তৈরি হয়েছে।’

শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ময়মনসিংহের নান্দাইল থেকে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি উপস্থিত কার্ডধারীদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ভোটারদের ধারে ধারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব। তার বাস্তবায়ন শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৩০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। নারীদের আর কারো কাছে হাত পাততে হবে না। এই টাকা দিয়ে নিজেদের পছন্দমতো কাজ করতে পারবেন।’

এ সময় মন্ত্রী উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, ‘এই টাকা থেকে আপনারা সঞ্চয় করবেন। আগে যেভাবে চলতেন, এখন মনে করবেন এটা বাড়তি একটা আয়। এই আয় দিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দরিদ্র মানুষদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। আজ সেই সেই কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপলক্ষে উপজেলার চরভেলামারী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ প্রমুখ।

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর হোসেন (৩৫) নিহত আলমগীর গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোঁজালিপুর গ্রামে মতিয়ার রহমানের নারকেল গাছের ডগায় বসে কাচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন আলমগীর হোসেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ লাগলে দগ্ধ হয়ে মৃত্যু হয় আলমগীরের। 
 
প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন বলেন, আলমগীরের শরীর ওখানেই আটকে ছিল। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা এসে দড়ি বেঁধে মরদেহটি নিচে নামিয়ে আনে।

নিহত আলমগীরের স্বজন যুক্তি খাতুন বলেন, আলমগীর আমার ভাসুর। তার এক ছেলে এক মেয়ে। তিনি আম পাড়ার কাজ করেন। আজ সকাল ৭টায় আম পাড় বাড়ি থেকে আসেন। পরে সকাল ১১টার দিকে শুনি বিদ্যুৎস্পৃষ্টে আমার ভাসুর মারা গেছেন।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. মাসুম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত এসে লাশ উদ্ধার করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।