<p style="text-align: justify;">নেত্রকোনার কেন্দুয়ায় ডোবা থেকে জামিরুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।</p> <p style="text-align: justify;">মৃত কেন্দুয়া পৌরসভার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি একটি হাঁসের খামারে কাজ করতেন বলে জানা গেছে।</p> <p style="text-align: justify;">পরিবার সূত্রে জানা যায়, জামিরুল শুক্রবার (৮ মে) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রবিবার সকালে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের পেছনের ডোবাতে তার মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।</p> <p style="text-align: justify;">কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পৌরসভার ওয়াশেরপুর ডোবাতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহের খবর পাই। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’</p>