• ই-পেপার

যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা

সব মাদরাসায় পিটি ও খেলাধুলার আয়োজন নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
সব মাদরাসায় পিটি ও খেলাধুলার আয়োজন নিয়ে নতুন নির্দেশনা

দেশের সব মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক না থাকা মাদরাসাগুলোকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া ও শূন্য পদে দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‌‘বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ–যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এ অবস্থায়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা তাঁদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।’

তাতে আরো বলা হয়েছে, ‘যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ রয়েছে, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানরা দায়িত্ব প্রদান করবেন। একই সঙ্গে ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বাকৃবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ১২ জন কৃতি শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন-২০২৬’।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষি অনুষদের উদ্যোগে নবীনবরণ ও ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মাহফুজা জাহানসহ অনুষদের অন্যান্য শিক্ষক।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমাদ। তিনি কৃষি অনুষদের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম তুলে ধরেন। এ সময় কৃষি অনুষদের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে কৃষি অনুষদে নবীন ৩২০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক, অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান। অনুষদের মেধাতালিকায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ১২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন উপাচার্য ও কৃষি অনুষদের ডিন।

এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে বিভিন্ন বিভাগের প্রধানদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের পক্ষ থেকে নবাগতদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষার অগ্রদূত এবং কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র। নবীন শিক্ষার্থীদের আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও বিশ্বের কৃষি উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনতে হবে।’ 

সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তুলতে হবে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।’

তিনি বলেন, ‘দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এ কারণে অনেক শিক্ষক-শিক্ষার্থী সেগুলো ব্যবহার করতে চান না। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না।’

এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকায় ড. এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি জরুরি। শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।’

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, অংশ না নিলে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক
মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, অংশ না নিলে কঠোর ব্যবস্থা
সংগৃহীত ছবি

মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের জন্য মনোনীত শিক্ষক এতে অংশ না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) ও সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা প্রস্তুতপূর্বক প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে।

এতে আরো বলা হয়, প্রশিক্ষণে যেসব শিক্ষকদের মনোনয়ন দেওয়া হবে, তাদেরকে আবশ্যিকভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা | কালের কণ্ঠ