২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘটিত ঘটনার বিচার দাবিতে পটিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ মে) বিকেলে পটিয়া থানার মোড়ে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ সব ধরনের গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ সময় দ্রুত তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বানও জানানো হয়।

পটিয়া শহর থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহ বলেন, ‘২০১৩ সালের ৫ মে ধর্মপ্রাণ মানুষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ধর্মীয় অবমাননার প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিল। কিন্তু সেদিন রাতে তাদের ওপর কঠোর অভিযান চালানো হয়।’

তিনি আরো দাবি করেন, ঘটনার পর অনেক ক্ষতিগ্রস্ত পরিবার ভয় ও চাপের কারণে আইনি সহায়তা নিতে পারেনি। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন ২০১৩ সালের ওই ঘটনায় আহত নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সাবেক সদস্য মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া শহর থানা শাখার সেক্রেটারি আবু সিদ্দিকসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।