কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এ সময় মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাফিদ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স সোনিয়া ব্রিকস, মেসার্স দেবীদ্বার ব্রিকস এবং মেসার্স রাসেল ব্রিকস নামের তিনটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চরবাকর প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ লঙ্ঘন করা হয়েছে। এ অপরাধে মেসার্স সোনিয়া ব্রিকসকে ৭৫ হাজার টাকা, মেসার্স দেবীদ্বার ব্রিকসকে ৭৫ হাজার টাকা এবং মেসার্স রাসেল ব্রিকসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটার মালিক ও ব্যবস্থাপকদের ভবিষ্যতে আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস। অভিযানে সহযোগিতা করে দেবীদ্বার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়।’