• ই-পেপার

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

নাটোরে নিজ ঘরে মিলল বৃদ্ধের গলা কাটা লাশ

নাটোর প্রতিনিধি
নাটোরে নিজ ঘরে মিলল বৃদ্ধের গলা কাটা লাশ
ছবি: কালের কণ্ঠ

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বিষ্ণুপুর আমহাটি গ্রামে মোতালেব হোসেন-৬৫ নামের এক বৃদ্ধের গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে। তবে নিহতের স্বজনদের দাবি, মোতালেব হোসেন নিজেই নিজের গলায় ধারাল ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ  ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার পর থেকে মোতালেব হোসেন তার নিজের ঘরে একাই শুয়েছিলেন। রাত ৯টার দিকে ঘরের ভেতর থেকে বাবার গোঙ্গানির শব্দ শুনতে পান তার ছেলে। এসময় মোতালেব হোসেনের স্ত্রী, ছেলেসহ স্বজনরা দ্রুত ঘরের ভেতর গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। তখন তার হাতে একটি ধারাল ছুরি ছিল। 

স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ঘরের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহতের মেয়ে দাবি করেন তার বাবাকে হত্যা করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২)। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকার বৈশাকুরা ঈদগাহ-সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত আহত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। দ্রুত উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুল ইসলামকে কোথায়, কীভাবে ছুরিকাঘাত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারছেন না।

নিহতের নিকটাত্মীয় ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন কালের কণ্ঠকে বলেন, আমার চাচাতো ভাই শফিকুল ইসলামের সঙ্গে কারো ঝগড়াঝাঁটি ছিল বলে আমাদের জানা নেই। তিনি একসময় অটোরিকশা চালাতেন, কিন্তু বর্তমানে তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, আমাদের ধারণা নেই। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এমন নির্মম, পৈশাচিক ঘটনায় আমরা হতভম্ব।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ হত্যা কী কারণে হয়েছে, প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। লাশের সুরতহাল সম্পন্ন করা হচ্ছে। পুলিশের পুরো টিম একসঙ্গে ঘটনাস্থলে রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

দোহারে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

দোহার-নববাগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহারে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের আগের আগে জমে উঠেছে প্রচারণা। পরিবর্তনের প্রত্যাশা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনকল্যাণ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জোর দিয়ে নির্বাচনী সভা করছেন চেয়ারম্যান প্রার্থীরা।

উপজেলার কুসুমহাটি ইউনিয়নের উন্নয়নে জনগণের সমর্থন চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা। শুক্রবার (২৭ জুন) বিকেলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর শিলাকোঠা খালপাড় এলাকায় আয়োজিত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ভোটার অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজ্জাক মোল্লা এবং সঞ্চালনা করেন মান্নান দোহারী।

বৈঠকে মিজানুর রহমান মোল্লা বলেন, আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে কুসুমহাটি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে কাজ করব। একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি।

উঠান বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মোল্লা উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন কামনা করেন।

অপরদিকে, নারিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরছেন তরুণ সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান বেপারী। এক উঠান বৈঠকে অংশ নেওয়া স্থানীয় ভোটাররা তার পক্ষে মতামত দিয়েছেন। তারা ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে মাহবুবুর রহমানের ভূমিকার প্রশংসা করেন।

শুক্রবার রাতে নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন। এতে স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

সভায় ভোটার মিলন বেপারী বলেন, খালপাড় একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক শিক্ষিত ও গুণী মানুষের বসবাস। মাহবুবুর রহমান বেপারী একজন ভদ্র, আদর্শবান ও সমাজসেবক। তিনি মসজিদ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন। সাধারণ মানুষের পাশে সবসসয় ছিলেন। তিনি নির্বাচিত হলে নারিশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা সম্ভব হবে।

খালপাড় গ্রামের আরেক ভোটার নজরুল ইসলাম আকন্দ বলেন, ছাত্রজীবন থেকেই মাহবুবুর রহমান বেপারী ভদ্র, সৎ ও সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি উপস্থিত ভোটারদের কাছে মাহবুবুর রহমান বেপারীর পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেপারী বলেন, আমি জনপ্রতিনিধি হওয়ার আগে একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার।

তিনি আরো বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূলে কাজ চলবে। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, ক্রীড়াসামগ্রী বিতরণ এবং খেলাধুলার উপযোগী মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। তিনি ভোটারদের কাছে দোয়া, সমর্থন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জন্য ভোট প্রার্থনা করেন।

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
আটক বাসচালক ও তার সহকারী। ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুধবালা (৪৮) নামের মোটরসাইকেলের এক আরোহী। গুরুতর আহত হন তাঁর ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারজেন সিংহের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।