জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বিদ্যালয়ে মাদক সেবনের সময় ছয়জন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া গ্রামের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কর্মকর্তারা দীর্ঘদিনের পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে মাদক সেবনের সময় ছয়জনকে হাতেনাতে আটক করেন। প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটি ধীরে ধীরে অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।

আটকরা হলেন উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের খলিল মিয়ার ছেলে লাল্টু মিয়া (২৬), একই এলাকার মৃত মিনা হোসেনের ছেলে তৌহিদ হোসেন (২৮), জমিনপুর গ্রামের মিলন হোসেনের ছেলে আব্দুল আজিজ (২২), লওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুর গ্রামের মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং ঝামুটপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০)।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি প্রায় ১৫ বছর আগে প্রতিষ্ঠিত হলেও পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় এমপিওভুক্ত হতে পারেনি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়। দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কর্মকাণ্ড চললেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি বলেও তারা উল্লেখ করেন।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থী না থাকায় এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সন্ধ্যার পর থেকেই সেখানে মাদকসেবীদের আনাগোনা শুরু হতো, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। তিনি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদারের কথা জানান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।