চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত ফজল কবিরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার মকবুলের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ সূত্র জানায়, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পিএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সিরা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদকে আটক করেন। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





