সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসচ্ছল এক প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শান্তিগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রশিদ মিয়ার হাতে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি ও লবণ।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কথা বলতেও তার সমস্যা হয়। নিজের নামে কোনো জমিজমা বা বসতভিটা নেই। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করেন। সংসারের একমাত্র উপার্জনের ভরসা তার স্ত্রী কলছুমা বেগম। তিনি স্বামীকে হুইলচেয়ারে নিয়ে বিভিন্ন বাজারে ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোমতে পরিবারের খরচ জোগান।
তিন সন্তানের মধ্যে একজন মেয়ে শান্তিগঞ্জের জেলা প্রশাসক ল্যাবরেটরিজ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সীমাহীন দারিদ্র্যের কারণে পরিবারটির অনেক সময় না খেয়েও দিন কাটাতে হয় বলে স্থানীয়রা জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হকের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা সিরাজ মিয়া ও মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, ব্যবসায়ী আজিদ মিয়া, সমাজসেবক মহিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতি মো. নুরুল হক বলেন, ‘সমাজের অসহায়, দিনমজুর, প্রতিবন্ধী ও কর্মহীন বয়োবৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাই একসঙ্গে কাজ করলে মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।’
খাদ্যসহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে রশিদ মিয়ার স্ত্রী কলছুমা বেগম বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমাদের সংসারে অনেক কষ্ট। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।’
স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধও জাগ্রত করে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।











