• ই-পেপার

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

কমলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না। উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকেই শ্রীমঙ্গলের সভাস্থলে মানুষের ঢল নামে। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিক পরিবারের জন্য বসতঘর নির্মাণে জনপ্রতি দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এমপি এবং প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, এমপি। জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করিম ময়ুন।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল (৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে আরো গতিশীল করবে। এলাকার জনগণের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এছাড়াও বক্তব্য দেন উপকারভোগী ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস তার বলেন, ‘প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের জন্য এমন মহৎ উদ্যোগে দোয়া করি আপনি আরো বেশি করে মানুষের কল্যাণে কাজ করবেন।’

অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

পটুয়াখালী সদর উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং (কাঠ-বাঁশের ফ্রেম) খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের দিনমজুর মো. নুহ (২৬) এবং রাজমিস্ত্রি আশরাফ (৫০)। তারা দুজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন। 

​স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের আফতের সিকদারবাড়ির একটি নির্মীয়মাণ ভবনের দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতর সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নামেন আশরাফ। এরপর তার সাড়া না পেয়ে অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতর নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি টের পেয়ে সেপটিক ট্যাংকের কিছু অংশ ভেঙে ভেতরে ঢুকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।  

​স্থানীয় ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃত আশরাফ ও নুহের বাড়ি কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে। তাদের মধ্যে আশরাফ রাজমিস্ত্রি কাজ করত আর নুহ ছিল সহকারী। আশরাফ বিবাহিত ও তিন সন্তানের জনক। আর নুহ সদ্য বিয়ে করেছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। তথ্য সংগ্রহের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আয়াতের পছন্দের দল ছিল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আয়াতের পছন্দের দল ছিল আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা মামলার রায়ে আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর নিহত আয়াতের বাবা সোহেল রানা বলেন, ‘আদালত আয়াত হত্যাকাণ্ডের ঘটনায় যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন আবীরের মৃত্যুদণ্ড বহাল থাকে। তার মৃত্যুদণ্ডের রায় যেন দ্রুত কার্যকর করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে যেন বাকি বিচারকাজ শেষ করা হয়।’

আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবিটির বিষয়ে তিনি বলেন, ‘আয়াত আর্জেন্টিনা ও মেসিকে পছন্দ করত। কিন্তু মেসির খেলা দেখা হয়ে ওঠেনি। তার আগেই ঘাতক তাকে হত্যা করেছে। বেঁচে থাকলে আজও হয়তো মেসিদের খেলা দেখত।’

বুধবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে আয়াত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সীবাড়ি এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে, প্রতিবেশী আবীর আলী তাকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে আবীর আলীকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আয়াত হত্যা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর, নৃশংস, নির্মম এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।’

সাভারে মাদরাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে মাদরাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় এক মাদরাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৭ জুন) দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।‌

এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর-৭৩) দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।