ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগাহ বাজার সংলগ্ন আড়িয়ালখাঁ নদ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নির্মল মালো উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের ক্ষেত্র মালোর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নির্মল মালো মাছ ধরতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। দুই দিন পর শুক্রবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নির্মল মালো কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং এরপর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আড়িয়াল খাঁ নদ থেকে নির্মল মালোর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’