ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ জনের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে কারাগারে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নতুন বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুর জেলার ডোবারচর গ্রামের নাজিমউদ্দীনের পুত্র মো. সামিদুল ইসলাম (৩০), ফুলবাড়িয়া এলাকার মো. হোসেন আলীর পুত্র আলামিন (৩০), হালুয়াঘাট পৌরসভার উত্তর খয়রাকুড়ি এলাকার ইব্রাহিম হোসেনের পুত্র মো. ইসমাইল হেসেন (৩৬), আকনপাড়া এলাকার মৃত আব্দুল হাসিম খানের পুত্র মো. লিটন মিয়া (৪৪), নেত্রকোনা জেলার মুক্তারপাড়া গ্রামের মো. তারা মিয়ার পুত্র মো.আলামিন মিয়া (৪২), হালুয়াঘাটের সদর ইউনিয়নের শাপলা বাজারের মৃত আবুল কাসেমের পুত্র মো. শাহ আলম (২৮), উত্তর আকনপাড়া গ্রামের মুনসুর আলীর পুত্র মারুফ (২৬), মধ্য আকনপাড়া গ্রামের জাকির হোসেনের পুত্র মো. তিতাস (২৭), ইসলামপুর গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র মো. উজ্জল মিয়া (৩৫) ও দক্ষিণ মনিকুড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো. সুরুজ মিয়া (৩২)।
সাজাপ্রাপ্তরা হালুয়াঘাট ও বিভিন্ন জেলার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির সময় ১০ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় ১ (এক) বছরের জেল দুই শত টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।




