নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা হত্যার বলে সন্দেহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি আরব প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বাড়ির ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সালমান জানান, বিকেলে এলাকায় দাঁড়িয়ে থাকা এক অপরিচিত কিশোরকে মোবাইল ফোনে এই বিষয়ে কথা বলতে শুনে তাদের সন্দেহ হয়। পরে তারা বাড়ির ভেতরে গিয়ে এক কিশোরের মরদেহ দেখতে পান। এসময় সন্দেহভাজন ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।