গাজীপুরের টঙ্গীতে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সাতাইশ শরিফ মার্কেট এলাকায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

জানা যায়, অনুষ্ঠানের শুরুতে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে রানা প্লাজার ধ্বংসস্তূপ, উদ্ধার অভিযান, আহত ও নিহত শ্রমিকদের মর্মস্পর্শী ছবি এবং পরবর্তী শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত বিল্লালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরীসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এখনো সম্পন্ন হয়নি। নিহত ও আহতদের পরিবার ন্যায়বিচার এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। দ্রুত বিচার শেষ করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা এবং শ্রমিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প হলেও শ্রমিকরা এখনো নিরাপদ কর্মপরিবেশ পাচ্ছেন না। অগ্নি নিরাপত্তা, ভবনের কাঠামোগত স্থায়িত্ব, পর্যাপ্ত নির্গমন পথ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত শ্রমঘণ্টা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব নীতিমালার কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত তদারকির দাবি জানানো হয়।

এসময় ‘মৃতদের স্মরণে, জীবিতদের জন্য লড়াই’ স্লোগানে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ব্যানার ও প্ল্যাকার্ডে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রানা প্লাজা হত্যাকাণ্ডের বিচার চাই’-সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এ ছাড়া শ্রমিক শহীদদের স্মৃতিরক্ষার্থে স্মৃতিসৌধ নির্মাণ এবং শ্রমিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণের দাবি জানানো হয়।