• ই-পেপার

রাজশাহী

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

কমলগঞ্জে যুবকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, পরিকল্পিত হত্যার অভিযোগ

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
কমলগঞ্জে যুবকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, পরিকল্পিত হত্যার অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আবু বক্কর ওরফে হৃদয় (২৫) নামের এক যুবকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৬ জুন দুপুরে হৃদয়কে তার বন্ধু সালমান মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২) ও আরমান মিয়া (২১) মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, হৃদয় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছেন। হাসপাতালে গিয়ে তারা হৃদয়ের মরদেহ দেখতে পান।

নিহতের স্ত্রী শারমিন আক্তার দাবি করেন, তার স্বামী সড়ক দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

হৃদয়ের বাবা ইউসুফ আলী বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন এলাকার মুরব্বি মানিক মিয়া, আমির হোসেন, রিপন মিয়া ও মো. রুমন মিয়া। তারা বলেন, বন্ধুদের ডাকে যাওয়ার পর হৃদয়ের মরদেহ ফিরে আসার ঘটনা রহস্যজনক। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জলাবদ্ধতা নিরসনের দাবিতে অভয়নগরে মানববন্ধন, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
জলাবদ্ধতা নিরসনের দাবিতে অভয়নগরে মানববন্ধন, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ
ছবি : কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রায় এক ঘণ্টা যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বুড়োর দোকানসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ, চারটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এবং যশোর ইপিজেডের চলমান উন্নয়নকাজের কারণে চেঙ্গুটিয়া এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কয়েক শ পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন, ব্যবসায়ী কামরুল হুদা, আব্দুল জলিল, সমাজসেবক তারিকুল ইসলাম ও রবিউল ইসলামসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড, মজুমদার ফুড প্রোডাক্ট লিমিটেড, মজুমদার অটো রাইস মিলস লিমিটেড ও মজুমদার ডাল মিলস লিমিটেডের ব্যবহৃত পানি আবাসিক এলাকায় জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এর সঙ্গে যশোর ইপিজেডের চলমান প্রকল্পের পানি যুক্ত হওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জলাবদ্ধতা দূর করার দাবি জানান তারা।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘জলাবদ্ধ এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নাহিদ। সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ নাজমুল হাসান নাহিদ (৩৫) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বংকিরা গ্রামের চাতরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান নাহিদ বংকিরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও ওসমান আলীর ছেলে। তিনি সাধুহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি চাতরের মাঠে একটি খুপরি ঘর তৈরি করে সেখানে মাদক বিক্রির আস্তানা গড়ে তুলেছিলেন। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হতো এবং দূরদূরান্ত থেকে মাদকসেবীরা সেখানে এসে মাদক কিনতেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পদ্মা নদী রক্ষায় মিনি ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পদ্মা নদী রক্ষায় মিনি ম্যারাথন
ছবি: কালের কণ্ঠ

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় সাড়ে ৫৫০ জন দৌড়বিদ অংশ নেন। তাদের মধ্যে অন্তত ১৩৫ জন নারী ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘রান ফর পদ্মা’ কেবল রাজশাহীর একটি আয়োজন নয়, এটি দেশের নদ-নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টির একটি সামাজিক আন্দোলন। ঐতিহাসিক পদ্মাসহ দেশের সব নদী বাঁচানোর দাবি মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাদের মতে, নদী রক্ষা শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।