সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত অবস্থায় শান্ত তেলী (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বড়ি থেকে দূরে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শান্ত তেলী উপজেলার ক্ষিরতলা (চন্ডি দুয়ার) গ্রামের সহদেব চন্দ্র তেলীর ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, শনিবার দিবাগত ভোরে শান্ত তেলী ঘর থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে তার স্ত্রী বিষয়টি শ্বশুরকে জানালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ির কাছেই একটি ইউক্যালিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।