<p style="text-align: justify;">পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য রুহল আমিন দুলাল বলেছেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও বাস্তবে কোনো কাজ হয়নি। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।</p> <p style="text-align: justify;">শনিবার (১৮ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নাব্যতা হারানো মঠবাড়িয়ার বহেরাতলা বাজার হতে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান করেছি।’</p> <p style="text-align: justify;">এ উদ্বোধন কর্মসূচিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভপতি কে এম হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। </p>