• ই-পেপার

কুষ্টিয়ায় কথিত পীর শামীম হত্যা

জামায়াত নেতাকে প্রধান আসামি করায় দৌলতপুরে বিক্ষোভ, এখনো নেই গ্রেপ্তার

কালীগঞ্জের সেই আলোচিত সাইফুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
কালীগঞ্জের সেই আলোচিত সাইফুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের আলোচিত সাইফুল ইসলাম  হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

নিহত সাইফুল ইসলাম (৪৯) কালীগঞ্জের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রেজাউল করিম (৫০), মো. নাঈম মিয়া (২৫) ও মো. আবু তাহের (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবু তাহের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূল অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২ জুন সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বেড়িবাঁধ সড়কের পাশ থেকে সাইফুলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা ডিবি পুলিশকে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জেরে রেজাউল করিমের সঙ্গে সাইফুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ২ জুন রাতে আসামিরা পরিকল্পিতভাবে সাইফুলকে নদীর তীরে একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ বেড়িবাঁধের পাশে ফেলে রাখা হয়।

গাজীপুর জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল হাসান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বুড়িগঙ্গা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বুড়িগঙ্গা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ঝাউচর খেয়াঘাট এলাকা থেকে গোবিন্দ রবি দাস (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ।

বুধবার (২৪ জুন) স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বসিলা নৌ পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন খেয়া পারাপারের সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে মরদেহের পকেটে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত গোবিন্দ রবি দাস লালমনিরহাট সদর উপজেলার সুকলার রবি দাসের ছেলে।

পুলিশ জানায়, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বসিলা নৌ পুলিশের কর্মকর্তারা জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে : সড়ক প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে : সড়ক প্রতিমন্ত্রী
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, আগামী ৬ মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করব এবং নাগরিক সুবিধা দিতে পারব। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজটমুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করার কাজ চলমান।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করেছিল। সেহেতু সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষকে যানযটমুক্ত করার লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনালগুলো পরিদর্শন করছি। এ ছাড়া ঢাকা-সিলেট হাইওয়ের উন্নয়নকাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক-মহাসড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।’

ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত শনিবার (২০ জুন) সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন কুমিল্লার সদর দক্ষিণের বল্লভপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল আহমেদ খোকন তালুকদার। তবে আজ বুধবার দুপুরে মামলা করার খবরটি প্রকাশ্যে আসে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করেন। তবে মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি যুবদলের কোনো স্তরেরই সদস্য নন।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এ ছাড়া একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবেলা করব।’

মামলা করার বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার জানান, তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। এর বাইরে মন্তব্য করতে চাই না।’

জামায়াত নেতাকে প্রধান আসামি করায় দৌলতপুরে বিক্ষোভ, এখনো নেই গ্রেপ্তার | কালের কণ্ঠ