• ই-পেপার

রংপুর ক্যারিয়ার হাবের উদ্যোগে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রী পারভীন আক্তারকে নির্যাতন করে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

তবে মামলার অন্য দুই আসামি শ্বশুর তোরাব আলী ও শাশুড়ি সখিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে পারভীন আক্তারের সঙ্গে কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র সিধলী গ্রামের তোরাব আলীর ছেলে শফিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলেসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই শফিকুল ইসলাম যৌতুকের দাবিতে পারভীনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রায় এক মাস আগে তিনি স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পারভীনকে মারধর করা হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হলে পারভীন আবার স্বামীর বাড়িতে ফিরে যান।

২০১৯ সালের ২৬ এপ্রিল গভীর রাতে প্রতিবেশীর মাধ্যমে পারভীনের মৃত্যুর খবর পান তার স্বজনরা। তারা শ্বশুরবাড়িতে গিয়ে টিনের চৌচালা ঘরের বারান্দায় তার মরদেহ দেখতে পান। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই আবু ইউসুফ বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর তোরাব আলী ও শাশুড়ি সখিনা খাতুনসহ অজ্ঞাতপরিচয় আরো ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নুরুল কবির রুবেল বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে আদালত শফিকুল ইসলামকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে নিজবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা (২) ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তানিশা নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় একটি ইজিবাইকের চার্জারের তারে স্পর্শ হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অসাবধানতাবশত এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নকল টুথপেস্ট সরবরাহসহ নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নকল টুথপেস্ট সরবরাহসহ নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল।

জানা গেছে, অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহের দায়ে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজের মালিক আশরাফ সিকদারকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলের মালিক আরিফুর রহমানকে ৭ হাজার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা যুথি বেকারির মালিক মিলন মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসায়িক লাইসেন্স নবায়ন না করায় তিনটি হোটেল ও একটি মুদি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে পৌর শহরের থানা রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা ও আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে থানা রোডের রংধনু হোটেলকে ২ হাজার টাকা, সুবাদ হোটেলকে ৩ হাজার টাকা এবং কানাই চন্দ্র কর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মেসার্স কানু ভূষণ দাস নামে একটি মুদি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

রংপুর ক্যারিয়ার হাবের উদ্যোগে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত | কালের কণ্ঠ