• ই-পেপার

শ্বশুরের প্রতি ক্ষোভ, গরু-ছাগল মেরে ফেললেন জামাই!

গাজীপুরে অরক্ষিত ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক
গাজীপুরে অরক্ষিত ড্রেনে পড়ে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের খোলা ও অরক্ষিত ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে নগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পানি প্রবাহের ড্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে।

স্থানীয়দের বরাতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রবিবার বিকেলে ভারি বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই এলাকায় বিআরটিএ প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা ছিল। বৃষ্টির পানিতে ড্রেনটি ডুবে থাকায় সেটি দেখা যাচ্ছিল না।

তিনি জানান, নাজমা বেগম হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওই ড্রেনে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থল থেকে কিছু দূরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি হারুন অর রশিদ বলেন, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে জানানো হয়েছে।

এর আগে, গত বছর গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

সৌদিতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সৌদিতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন (৪১) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। রবিবার (২১ জুন) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরে ঘটনাটি ঘটে। মনির হোসেন জেলার নবীনগর উপজেলার পৌর সদরের মাঝিকাড়া গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

মনিরের বোন রাবিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই মনির হোসেন সাত বছর আগে সৌদি আরব যায়। সে কাজের প্রয়োজনে সৌদি আরবের বিভিন্ন শহরে থাকত। তবে রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরের একটি বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে। ভাইয়ের এক সহকর্মী সকালে আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়।’

এমপিপুত্র সজীব ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ নগর প্রতিনিধি
এমপিপুত্র সজীব ডিবি হেফাজতে
খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সজীবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

জানা গেছে, আটক সজীবকে পরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিএমপিতে আনা হয়। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা।’ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কালের কণ্ঠকে বলেন, ‘প্রশাসন যেকোনো সময় যে কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিতে পারে। আমি নিজে তাকে প্রশাসনের কাছে তুলে দিয়েছি।’

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সদস্য সচিব গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সদস্য সচিব গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরাবাহী গাড়ি ও পণ্য লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরা কাভার্ডভ্যান ট্রাক গাড়ি নিয়ে গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়।

অভিযোগ রয়েছে, জাসাস নেতা জাহেদ আলী ও তার সহযোগীরা ড্রাইভার ও হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়। 

পরবর্তীতে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, ২০ হাজার টাকা নগদ এবং দুটি স্মার্টফোনসহ গাড়িটি লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।

এরপর থানা পুলিশ শনিবার (২০ জুন) রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে একটি দল শহরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিকে রবিবার  বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে জাসাসের শ্রীমঙ্গল পৌর শাখার সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল সংগঠনটির মৌলভীবাজার জেলা কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

শ্বশুরের প্রতি ক্ষোভ, গরু-ছাগল মেরে ফেললেন জামাই! | কালের কণ্ঠ