• ই-পেপার

সিএমপি কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী

  • মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রত্যয়

৩ সন্তানসহ ভারতীয় নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩ সন্তানসহ ভারতীয় নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
সংগৃহীত ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোখ বেঁধে তিন শিশুসহ এক নারীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী ও তিন শিশু সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তারা দাবি করেন, তাদের মুম্বাই থেকে সেখানে আনা হয়েছে এবং চোখ বেঁধে সীমান্তে নিয়ে আসা হয়। ওই নারী জানান, তিনি মুম্বাইয়ের বাসিন্দা এবং প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয়েছে। তবে তার স্বামীকে সেখানে আনা হয়নি। ভিডিওতে নারী ও শিশুদের আতঙ্কিত ও কান্নারত অবস্থায় দেখা যায়। তারা মুম্বাইয়ে ফিরে যাওয়ার আকুতি জানান।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সিরাজগঞ্জে যমুনায় ভাঙন অব্যাহত, ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনায় ভাঙন অব্যাহত, ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চল
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জ জেলায় নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও ভরা যমুনা নদী যেন আগ্রাসী হয়ে উঠেছে। এ কারণে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি-গাছপালা ও নদীতীরের চরাঞ্চল নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়। মুহূর্তের মধ্যে কে, কে পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ ও জনতা উচ্চ বিদ্যালয়ের আংশিক এবং অন্তত ১০টি বসতভিটা নদীতে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া একই উপজেলার বাঘুটিয়া ও খাসপুখুরিয়া ইউনিয়নের চরাঞ্চলে দীর্ঘদিন যাবৎ ভাঙন শুরু হয়েছে।

পশ্চিম জোতপাড়া এলাকায় ভাঙনের সংবাদ পেয়ে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রবিবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেন। পাউবোর পক্ষ হতে ভাঙনরোধে ঘটনাস্থলে জিওব্যাগ ও জিওটিউব ফেলা হচ্ছে।

এদিকে, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ ও ভেটুয়া এলাকায় বেশ কিছুদিন নদীভাঙন শুরু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আল আমিন বলেন, ভাঙনের কবলে পড়ে গত এক মাসে অন্তত: ২ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়ায় পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিলামে বিক্রি করা হয়েছে। আর কালিকা খ প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চরগিরিশ বাজার নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে সরকারি ফ্লাট সেন্টার।

অপরদিকে, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর, কুরসী ও শ্রীপুর এলাকায় বেশকিছু দিন যাবত ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে এসব এলাকার বেশকিছু আবাদি জমি, বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে। অনেকে বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ কোন স্থানে ভাঙন দেখা দিলে সেখানে সংস্কার কাজ করা হচ্ছে। তবে বাজেট না থাকায় চরাঞ্চলের নদীতীরের ভাঙন স্থান সমূহে জরুরি সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না।

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমেকের সেই চিকিৎসককে বদলি

কুমিল্লা প্রতিনিধি
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমেকের সেই চিকিৎসককে বদলি
সংগৃহীত ছবি

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট ডা. শিব্বির আহমেদকে ভোলার মনপুরায় বদলি করা হয়েছে। গত ২২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বদলি করা হয়। রবিবার (২৬ জুলাই) দুপুরের পর বিষয়টি জানাজানি হয়। 

এর আগে গত ১১ জুলাই কণ্ঠের অনলাইনে ‘কুমেকে দায়িত্ব, প্রাইভেট হাসপাতালে সময় কাটে চিকিৎসকের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।  

এ বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে শিব্বির আহমেদকে শোকজ করা হয়। তার শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও শোকজ করা হয়। এতে তিনি একই জবাব দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারাও তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বদলি করা হয়।

বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার অদূরে মরদেহটি ভেসে উঠলে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।

নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যেই বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।