নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. সোহাগ ওরফে জুলহাস (২৭) পলাতক রয়েছেন। তার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। তার মা রাহিমা বেগম মারা গেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তানিয়ার স্বামী সোহাগ তার মামাতো বোন নাছিমার কাছে বাসার চাবি দিয়ে বলেন, তানিয়া ভোর ৭টার দিকে গার্মেন্টসে কাজে গেছেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা বাসায় গিয়ে বাইরে তালা দেখতে পান। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




