• ই-পেপার

মুন্সীগঞ্জে ৭ বস্তায় ৪ মণ পাখি শিকার, ছয়জনের অর্থদণ্ড

স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
মুনতাসির। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে পড়ে যাওয়া স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মুনতাসির নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাসির উপজেলার গাজীপুর এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। সে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, সকালে বাড়ির পাশে মেঘনা নদীর তীরে সমবয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মুনতাসির। খেলার একপর্যায়ে তার পায়ের একটি স্যান্ডেল নদীতে পড়ে যায়। স্যান্ডেলটি তুলতে নদীর পানিতে নামলে সে হঠাৎ তলিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চর মধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রহিছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে স্যান্ডেল তুলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষকমাতা-পিতার চার সন্তানের (দুই ছেলে ও দুই মেয়ে) মধ্যে মুনতাসির ছিল তৃতীয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, রায়পুরা উপজেলায় গত ১১ দিনে পানিতে ডুবে মোট নয়জনের মৃত্যু হলো, যাদের মধ্যে সাতজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুইজন শিশু। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক ও তার সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান জনি (২০) ও চালকের পরিচিত মো. সুমন প্রামাণিক (৩০)। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে বাসের চালক ইমরান তার সহকারী মুসফেকুরকে বাস চালানোর দায়িত্ব দেন। পরে ইমরান ওই নারীর সঙ্গে থাকা রুবেলকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে বাস থেকে শ্রীপুর এলাকায় নামিয়ে দেয়। এক পর্যায়ে ইমরানও বাস থেকে নেমে যায়। এসময় মুসফেকুর ও সুমন প্রামাণিক বাসে ছিলেন। পরে সুমনের সহায়তায় মুসফেকুর চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। অন্যদিকে রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাস দিয়ে ব্যারিকেড দিয়ে সাভার পরিবহনের বাসটি থামায়। পরে বাস থেকে ওই নারীকে উদ্ধার করা হয় এবং জনি ও সুমনকে বাসসহ আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরদিন রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধারসহ জনি ও সুমনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রবিবার রাতে আশুলিয়ার রাড়ইপাড়া এলাকা থেকে থেকে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বৃদ্ধের

জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বৃদ্ধের
সংগৃহীত ছবি

জামালপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত মজিদের ছেলে আতাউর রহমান (৬০) এবং সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা মো. হাফিজ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাজার করতে দিগপাইত বাজারে এসেছিলেন দুজন। বাজার শেষে একসঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় মো. হাফিজকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো সরাতে দীর্ঘ সময় লেগেছে। অভিযানে আটক দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।