চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চারজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চরই বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বিঘা খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রবিবার নতুন করে একটি পক্ষ জমিতে চাষাবাদের জন্য হাল দিতে গেলে আগে থেকে জমি দখলে রেখে চাষাবাদ করা পক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, জমিটি মূলত হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি। আগে একটি পক্ষ সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে জমিতে চাষাবাদ করছিল। সরকার পরিবর্তনের পর অন্য একটি পক্ষ নতুন করে বন্দোবস্ত নিয়ে জমির দখল নিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে আগের পক্ষের লোকজনই বেশি। তাদের নেতৃত্বে ছিলেন সন্তোষপুর এলাকার জেম মিয়া, ফজলু, রহিম ও নেজামুল। অন্যদিকে নতুন পক্ষের নেতৃত্বে ছিলেন রহনপুর এলাকার পালানুসহ কয়েকজন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টা থেকে সংঘর্ষে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘খাস জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। রবিবার সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’





