বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহমান সরদার (৪৮) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে নিজ ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনের কাজ করার সময় রহমান সরদার বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবলী নোমান হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রেহেনা আক্তার বলেন, হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুর ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





