রংপুরে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার মামুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার সামছুল হোসেনের ছেলে। এর আগে সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর নগরীর লালবাগস্থ একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মামুন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ জানুয়ারি মামুন ওই ছাত্রীকে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে ছাত্রীর মাথায় হাত দিয়ে বিয়ের শপথ করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।

অভিযোগ রয়েছে, ধর্ষণের পর থেকেই মামুন ওই ছাত্রীকে এড়িয়ে চলতে শুরু করে এবং তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি একপর্যায়ে ছাত্রীর পরিবার জানতে পারে। উপায়ান্তর না দেখে ভুক্তভোগীর পরিবার লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলা হওয়ার পর থেকেই আসামি মামুন আত্মগোপনে চলে যায়।

মামলাটি দায়ের হওয়ার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা জানতে পারেন যে আসামি মামুন রংপুর নগরীর লালবাগ এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত সোমবার বিকেলে লালবাগস্থ একটি সুপারশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। আসামি মামুন বিয়ের নাটক সাজিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই জঘন্য অপরাধটি ঘটিয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।