• ই-পেপার

বাংলাদেশকে বদলে দেবে ফ্যামিলি কার্ড : জোনায়েদ সাকি

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বৃদ্ধের

জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বৃদ্ধের
সংগৃহীত ছবি

জামালপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত মজিদের ছেলে আতাউর রহমান (৬০) এবং সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা মো. হাফিজ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাজার করতে দিগপাইত বাজারে এসেছিলেন দুজন। বাজার শেষে একসঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় মো. হাফিজকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো সরাতে দীর্ঘ সময় লেগেছে। অভিযানে আটক দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬০৬ পিস ইয়াবাসহ নুর আলম (৪৩) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর আলম কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ৬ নম্বর ক্যাম্পের গুরা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অভিযানের সময় নুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন। গ্রেপ্তারের সময় তিনি ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

ওসি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পটুয়াখালীতে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে দুমকি উপজেলার ওই প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

গ্রেপ্তার ইব্রাহিম পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া এলাকার নুরুল ইসলাম মুন্সীর ছেলে। তিনি দুমকি উপজেলার পশ্চিম মুরাদিয়া মুহেব্বিয়া হাফিজিয়া ইলমুল কিরাত দ্বিনিয়া মাদরাসার শিক্ষক। 

যৌন নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর (৬) বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা আবাসন প্রকল্প এলাকায়। এ ঘটনার পর ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার দুপুরে দুমকি থানায় মামলা করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ইব্রাহিম ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। 

বাংলাদেশকে বদলে দেবে ফ্যামিলি কার্ড : জোনায়েদ সাকি | কালের কণ্ঠ