রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের আজগর আলীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম নার্গিস বেগম (৩৫)। তিনি উপজেলার মরারপাড়া গ্রামের লতারপাড়ার বাসিন্দা রাসেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি জমিতে চাষাবাদের সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুকুরপাড়ে গিয়ে কচুরিপানার ওপর একটি অর্ধগলিত পা দেখতে পান। পরে কাছে গিয়ে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ আসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাটি উদ্ধার করলে এর ভেতরে নার্গিস বেগমের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে পরিচয় গোপনের উদ্দেশে মরদেহটি বস্তাবন্দি করে নির্জন পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





