ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোখ বেঁধে তিন শিশুসহ এক নারীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী ও তিন শিশু সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। তারা দাবি করেন, তাদের মুম্বাই থেকে সেখানে আনা হয়েছে এবং চোখ বেঁধে সীমান্তে নিয়ে আসা হয়। ওই নারী জানান, তিনি মুম্বাইয়ের বাসিন্দা এবং প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয়েছে। তবে তার স্বামীকে সেখানে আনা হয়নি। ভিডিওতে নারী ও শিশুদের আতঙ্কিত ও কান্নারত অবস্থায় দেখা যায়। তারা মুম্বাইয়ে ফিরে যাওয়ার আকুতি জানান।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’





