ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক সমর্থক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সবুজ নামের আরেক পধচারী আহত হয়েছেন। নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকাল ৪টার দিকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের দিকে রওয়ানা করেন ইসমাইল। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় আসলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এ ঘটনায় শোভাযাত্রাটি সাময়িক স্থগিত করেছেন আয়োজকরা।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, খবর পেয়ে তারা হাসপাতাল গিয়েছেন। তবে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




