সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদার (৬০)।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার।
এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির আল-জউফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন শিকদার উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৩ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান গিয়াস শিকদার। সেখানে আল-জউফ এলাকার একটি কৃষি ফার্মে কর্মরত ছিলেন। বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, বুধবার বিকেলে আমরা তার মৃত্যুর খবর পাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি। তার স্ত্রী-সন্তান শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান বলেন, গিয়াস উদ্দিন শিকদার একজন ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদেশের মাটিতে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, সাধারণত সংশ্লিষ্ট কম্পানি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। এ ছাড়া মরদেহ দেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কোনো কারণে কম্পানি সহযোগিতা না করলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।




