• ই-পেপার

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!

মনোহরদীতে তিন মাদকসেবীর কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে তিন মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়ার নেতৃত্বে পুলিশ নিয়ে খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় খিদিরপুর বাজারের পাশে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় কালিরচর গ্রামের মুছলেহ উদ্দিনের ছেলে সোহরাবকে (৩৬) মাদকসেবনের সরঞ্জাম ও দুই পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতকে জানানো হলে তাঁরা উপস্থিত হয়ে সোহরাবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ মাসের কারাদণ্ড দেন।

অপরদিকে খিদিরপুর বাজারের পাশে গাঁজা সেবনরত অবস্থায় নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে (২৯) আটক হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করলে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (১৮) আটক করে ১ মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাওসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোষা কুকুরের কামড়ে ধরাশায়ী গরু চোর!

আমতলী (বরগুনা) প্রতিনিধি
পোষা কুকুরের কামড়ে ধরাশায়ী গরু চোর!
প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়িতে পালিত পোষা কুকুরের কামড়ে আহত সোবাহান মৃধা (৫৫) নামের এক চোরকে আটক করেন গৃহিণী তানিয়া আক্তার সুখী।

বুধবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে ওই বাড়িতে গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ করে এলাকার চিহ্নিত চোর সোবাহান মৃধা। ওই সময় গরুর মালিকের পালিত পোষা কুকুরটি তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড় দেয়। এক পর্যায়ে তিনি কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বাড়ির গৃহিণী ধরে ফেলেন।

গৃহিণী তানিয়া আক্তার সুখী বলেন, আমার স্বামী আহসানুল করিম নিয়াজ চাকরির কারণে ঢাকায় থাকেন। আমি আর আমাদের সন্তানদের নিয়ে বাড়িতেই থাকি। আমার স্বামীর অনুপস্থিতিতে এলাকার চিহ্নিত চোর সোবাহান প্রায়ই আমাদের বাড়ির পুকুর থেকে মাছ, তরিতরকারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেন। তার নির্যাতনে এলাকার মানুষ এখন অতিষ্ঠ।

তিনি আরো বলেন, চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে আমরা বাড়িতে একটি কুকুর লালন-পালন করতে শুরু করি। ঘটনার সময় হঠাৎ করে কুকুরের ডাকাডাকির শব্দ পেয়ে আহত অবস্থায় চোরকে ধরে ফেলি। পরে এলাকার লোকজন এসে পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে ওই রাতেই চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ওই ঘটনায় গৃহিণী তানিয়া আক্তার সুখি আটক চোরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে, আটক চোর সোবহানের শরীরের একাধিক স্থানে কুকুরের কামড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ মুঠোফোনে বলেন, কুকুরের কামড়ে আহত আটক চোর সোবহানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেয়েছি, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে প্রায় সাড়ে ৯৪ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার (বহির্গমন) লাউঞ্জে যৌথ অভিযান চালিয়ে এই মুদ্রা উদ্ধার করা হয়।

​আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়।

​বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ‘বিজি১৪৭’ ফ্লাইটের যাত্রী আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

​তিনি আরো জানান, যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা পাচার ও আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধসহ সরকারি রাজস্ব ফাঁকি বন্ধে বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক) এবং সব গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নজরদারি ও সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

টঙ্গীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকার বহুতল ভবন থেকে পড়ে আলী আকবর (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে নির্মাণ কাজ করার সময় নিচে পড়ে যান তিনি।

আলী আকবর শেরপুর জেলার শ্রীবরদী এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর খরতৈল এলাকায় একটি ৭ তলা ভবনে বাঁশ বেঁধে নির্মাণ কাজ চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে বাঁশ ভেঙে নীচে পড়ে যান কর্মরত নির্মাণ শ্রমিক আকবর। সঙ্গে সঙ্গে তাকে কাছের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পোয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান শ্রমিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।