• ই-পেপার

দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া

গোপালগঞ্জ

ধর্ষণ মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
ধর্ষণ মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস প্রতিবেশী অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামি প্রতিবেশী কল্পনা বিশ্বাসকে দিয়ে পিঠা বানানোর লোভ দিয়ে শিক্ষার্থীকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়। সে সময় অপর আসামি উজ্জ্বল বিশ্বাস কল্পনার সহযোগিতায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে তদন্ত ও সাক্ষ্য শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লাখ টাকা এবং কল্পনা বিশ্বাসকে সহযোগিতার অভিযোগে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কাদের আলী খান বলেন, এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছিল। আশা ছিল আমার মক্কেলরা ন্যায়বিচার পাবে। কিন্তু তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল আসলাম বলেন, ছয় বছর পর রায় হলো। এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। যারা এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত তাদের এই রায়ের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হলো। এই রায়ে আমরা সন্তুষ্ট।
 

নোয়াখালীতে সিএনজি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীতে সিএনজি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া উত্তর পোল এলাকায় সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে এবং সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন সোনাইমুড়ি থেকে বাইসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বগাদিয়া উত্তর-পোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়ির দিকে আসা একটি দ্রুতগতির সিএনজির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সিএনজিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট
কালামপুর এলাকায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে সোমবার বিক্ষোভ ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন আবাসিক গ্রাহকরা। ছবি : কালের কণ্ঠ

ঢাকার ধামরাইয়ে বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ ও গ্যাস বিল মওকুফের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আড়াই ঘণ্টা রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, থানা ও গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে  ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মির্জা ইয়ার হোসেন মাস্টার, আলতাফ হোসেন, কাজিম উদ্দিন, ওয়াজ উদ্দিন মোগরসহ একাধিক গ্রাহক মহাসড়ক অবরোধকালে বলেন, ধামরাইয়ের কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া, বাসনা, মহিষাশী, জালসা, কাওয়ালীপাড়া, নান্দেশ্বরী ও সাটুরিয়া এলাকায় গত ৯ বছর ধরে আবাসিক গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। শুধু বছরে দুটি ঈদের ছুটির সময় ১০-১২ দিন গ্যাস পাওয়া যায়। এ ছাড়া বছরের ৩৫০ দিনই গ্যাস থাকে না। লাকড়ি আর সিলিন্ডার গ্যাস কিনে রান্না করতে হয় গ্রাহকদের। এরপরও প্রতি মাসে প্রতি চুলায় ১ হাজার ৮০ টাকা করে গ্যাস বিল দিতে হচ্ছে। তাই তারা ৯ বছরের গ্যাস বিল মওকুফ ও নিয়মিত গ্যাস সরবরাহের দাবি জানান।

এ সময় তারা অভিযোগ করে বলেন, কালামপুর ডিআরএস থেকে স্থানীয় করিম টেক্সটাইল কর্তৃপক্ষ মেশিন দিয়ে অবৈধভাবে গ্যাস টেনে নিয়ে যাওয়ার ফলে আবাসিকের প্রায় তিন হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে লাইনের গ্যাস পাচ্ছেন না।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন, গোলড়া হাইওয়ে থানার ওসি সেলিম আহম্মেদ, ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইউএনও পর্যাপ্ত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্যাস সরবরাহ নিয়মিতকরণের আশ্বাস দিলে  গ্রাহকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।’  

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মানিকগঞ্জ অফিসের ডেপুটি ম্যানেজার বিধান পাল বলেন, ‘ধামরাইয়ের কালামপুর করিম টেক্রাটাইল কারখানায় যদি ডিআরএস থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে থাকেন তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এলএমজি কম আমদানি হওয়ায় মেইন পাইপলাইনেই গ্যাসের এ সংকট রয়েছে’। কালামপুরসহ কয়েকটি এলাকায় আবাসিক গ্রাহকরা ১০-১২ বছর ধরেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না বলেও তিনি স্বীকার করেন।

১৬ কোটির বাস টার্মিনালে ৯ বছরেও মেলেনি কাঙ্ক্ষিত জনসেবা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৬ কোটির বাস টার্মিনালে ৯ বছরেও মেলেনি কাঙ্ক্ষিত জনসেবা
ছবি : কালের কণ্ঠ

বেনাপোল স্থলবন্দরে যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং পরিবহন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে পরিচালনার জন্য প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হয়। তবে জনগণের অর্থে নির্মিত এই অবকাঠামোটি দীর্ঘ প্রায় ৯ বছর ধরে কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। বাস টার্মিনালটি থেকে এখন পর্যন্ত প্রত্যাশিত কোনো জনসেবা পাওয়া যায়নি। দুই দফা চালুর উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। ফলে কোটি কোটি টাকার প্রকল্পটি আজও কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারেনি।

সম্প্রতি সরেজমিনে কাগজপুকুর এলাকায় নির্মিত বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশাল চত্বরটি প্রায় ফাঁকা। যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, বাস পার্কিং, অভ্যন্তরীণ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও সেখানে নেই যাত্রীদের ভিড় কিংবা বাসের নিয়মিত চলাচল। মাঝে মধ্যে দু-একটি বাস অবস্থান করলেও অধিকাংশ সময় টার্মিনালটি জনশূন্য থাকে। অন্যদিকে নোম্যান্সল্যান্ডসংলগ্ন পুরোনো চেকপোস্ট এলাকায় আগের মতোই বাস ওঠানামা করায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় টার্মিনালটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর নির্জন পরিবেশের সুযোগ নিয়ে সেখানে অসামাজিক কর্মকাণ্ডও ঘটে বলে অভিযোগ রয়েছে। তাদের মতে, নিয়মিত বাস চলাচল ও মানুষের উপস্থিতি নিশ্চিত করা গেলে এসব অপতৎপরতা অনেকাংশে কমে আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রধান স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে বেনাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন। একই সঙ্গে শত শত পণ্যবাহী ট্রাকও এ বন্দর ব্যবহার করে। কিন্তু যাত্রীবাহী বাসগুলো এখনো নোম্যান্সল্যান্ডসংলগ্ন পুরোনো চেকপোস্ট এলাকায় প্রবেশ করায় যশোর-বেনাপোল মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকে। চেকপোস্ট, বেনাপোল বাজার ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি দীর্ঘদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। অফিস সময়, সরকারি ছুটি ও উৎসবের মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়।

এই সমস্যা সমাধানের লক্ষ্যেই বেনাপোল পৌরসভা শহরের প্রবেশমুখ কাগজপুকুর এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়। বেনাপোল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থবছরে বাস-ট্রাক টার্মিনাল, পাঁচ কিলোমিটার সড়ক এবং দুই কিলোমিটার ড্রেন নির্মাণের জন্য প্রথমে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় আরো ১০ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়।

২০১৭ সালের ২৩ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০১৮ সালের মে মাসে নির্মাণকাজ শুরু হলেও অর্থসংকটের কারণে ২০১৯ সালের জুলাইয়ে কাজ বন্ধ হয়ে যায়। পরে নির্মাণ সম্পন্ন হলেও টার্মিনালটি কার্যকরভাবে চালু করা সম্ভব হয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বেনাপোল পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন। যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের নির্দেশনায় ২০২৪ সালের ৭ নভেম্বর আবারও টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়। কয়েকদিন বাস চলাচল করলেও মাত্র এক সপ্তাহের মধ্যে পরিবহনগুলো আবার পুরোনো চেকপোস্টে ফিরে যায়। বর্তমানে আনুষ্ঠানিকতা রক্ষায় টার্মিনালে দু-একটি বাস রাখা হলেও অধিকাংশ বাসই আগের জায়গা ব্যবহার করছে।

পরিবহন-সংশ্লিষ্টদের মতে, নতুন টার্মিনাল পুরোপুরি চালু করা গেলে চেকপোস্ট এলাকার দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যেত। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকদের অনাগ্রহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ের অভাবে তা সম্ভব হয়নি। ফলে একদিকে সরকারি বিনিয়োগ অকার্যকর হয়ে রয়েছে, অন্যদিকে নাগরিক দুর্ভোগও অব্যাহত আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় টার্মিনালের বিভিন্ন অবকাঠামো ধীরে ধীরে ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে। নিয়মিত ব্যবহার না থাকায় রক্ষণাবেক্ষণও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ভবিষ্যতে এসব স্থাপনা সংস্কারে আবারও সরকারি অর্থ ব্যয় করতে হবে।

টার্মিনালটি চালু না হওয়ায় সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়নি। বাস কাউন্টার, রেস্তোরাঁ, চায়ের দোকান, ফার্মেসি ও যাত্রীসেবা কেন্দ্র গড়ে ওঠার কথা থাকলেও বাস্তবে কিছুই হয়নি। এতে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও বেকার যুবকদের সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, যানজটের কারণে আমদানি-রপ্তানির পণ্য পরিবহনেও পরোক্ষ প্রভাব পড়ছে। পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস একই সড়কে চলাচল করায় দীর্ঘ যানজট তৈরি হয়, এতে সময় ও পরিবহন ব্যয় উভয়ই বাড়ছে। স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, প্রতিদিন যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি ব্যবহারই করা হচ্ছে না। এটি দ্রুত চালু করা প্রয়োজন। 

ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, নতুন টার্মিনাল সচল হলে চেকপোস্ট এলাকার চাপ অনেক কমে যেত। এখন সরকারি সম্পদ যেমন অব্যবহৃত পড়ে আছে, তেমনি সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছে। 

ইজিবাইকচালক হাসান শেখ বলেন, একসঙ্গে অনেক বাস চেকপোস্ট এলাকায় দাঁড়ালে পুরো সড়ক বন্ধ হয়ে যায়। নতুন টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করলে যানজট অনেকটাই কমবে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, কোনো উন্নয়ন প্রকল্পের সফলতা শুধু নির্মাণকাজ শেষ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটি জনগণের কাজে কতটা লাগছে সেটিই আসল বিষয়। বেনাপোল বাস টার্মিনালের ক্ষেত্রে সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নবগঠিত সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিবহন মালিক-শ্রমিক, জেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ, বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত সমন্বয় বৈঠক করুক। প্রয়োজনে প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে সব দূরপাল্লা ও আন্তঃজেলা বাসকে নতুন টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি টার্মিনালে নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি স্থাপন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করারও দাবি জানান তিনি। 

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে দীর্ঘদিনের যানজট ও নাগরিক দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনগণের অর্থে নির্মিত কোনো সরকারি স্থাপনা বছরের পর বছর অকার্যকর পড়ে থাকা কাম্য নয়। সংশ্লিষ্ট প্রশাসন, পৌরসভা, বন্দর কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি কীভাবে কার্যকরভাবে চালু করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন একটি টেকসই সমাধান বের করার চেষ্টা থাকবে, যাতে যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এর সুফল পান।
 

দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া | কালের কণ্ঠ