বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত বৃহস্পতিবার (২ জুলাই) এ পরিদর্শনে যান তিনি।
এসময় বিমান বাহিনী প্রধান ওই ঘাঁটির জেসিও’স টাইপ কোয়ার্টার ও বিমানসেনা ব্যারাকের উদ্বোধন করেন। তিনি সেখানে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে বিমান বাহিনী প্রধান ঘাঁটিস্থ নর্থ হ্যাঙ্গারের সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এসময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘাঁটির সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজারে স্থাপিত বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি স্কুলের উদ্বোধন করেন। পরে সভানেত্রী বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি সদস্যদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে উৎসাহিত ও দিকনির্দেশনা দেন।
এ ছাড়া সভানেত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আঞ্চলিক বাফওয়া কার্যালয়ের সামনে বনজ গাছের চারা রোপণ করেন। এসময় বাফওয়ার সহ-সভানেত্রীরা, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-স্ত্রীরা উপস্থিত ছিলেন।




