ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর কালিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি হুইস্কি ও ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, ফেনী। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল ফুলগাজী আনন্দপুর কালিরহাট বাজার সংলগ্ন বিসমিল্লাহ এস.এস. গ্যালারির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মনির আহাম্মদ (৪৩)। তিনি ফুলগাজী উপজেলার উত্তর পৈথারা গ্রামের বাসিন্দা হাফেজ আহাম্মদের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফুলগাজীর আনন্দপুর কালিরহাট বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব।র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি সঙ্গে থাকা দুটি কার্টন ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, তার ফেলে যাওয়া দুটি কার্টন তল্লাশি করে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ৯৪ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার মদের পরিমাণ ১৬ দশমিক ৯২ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ হাজার টাকা।
এছাড়া, একটি কার্টনের ভেতর থেকে স্বচ্ছ পলিজিপারে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
র্যাব আরো জানায়, উদ্ধার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





