• ই-পেপার

নেত্রকোনায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই যুবক। ছবি : কালের কণ্ঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখমের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে আম্বিয়া খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেন। মামলার ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী পরিবারের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

মামলার আসামিরা হলেন উপজেলার কাহেৎধান্দুল গ্রামের মোন্তাজ উদ্দীনের ছেলে মামুন, আবুল কালাম ও মাছুম, আব্দুল হকের ছেলে মোন্তাজ উদ্দীন ও মামুনের স্ত্রী লিমা। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাহেৎধান্দুল গ্রামে দীর্ঘদিন ধরে আম্বিয়া খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোনতাজ উদ্দীনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর জেরে গত ৩১ মে বিকেলে অভিযুক্ত মোনতাজ উদ্দীনের নেতৃত্বে অভিযুক্তরা লাঠিসোঠা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আম্বিয়া খাতুনের বাড়ির উঠানে গিয়ে তাদেরকে অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় আম্বিয়া খাতুনের ছেলে সোহেল মিয়া এর প্রতিবাদ করলে মোনতাজ উদ্দীনের নির্দেশে অভিযুক্ত মামুন ও মাসুম সোহেলের ওপর অতর্কিত হামলা চালান।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মিয়া গুরুতর জখম হন। এ সময় তাকে রক্ষা করতে আম্বিয়া খাতুন, স্বামী রমজান আলী, তাদের অপর ছেলে হৃদয়, শাহজাহান ও শাহজাহানের স্ত্রী ফারজানা এগিয়ে গেলে তাদেরকেও অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে অভিযুক্ত মামুন ও কালাম আম্বিয়া খাতুন ও ফারজানাকে টেনে-হিঁচড়ে পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেন।

এ সময় অভিযুক্ত লিমা আম্বিয়া খাতুনের গলা থেকে আধাভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং অভিযুক্ত মাসুম ফারজানার গলা থেকে আধাভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। এ সময় আহতদের উদ্ধার করে অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত হৃদয় ও রমজান আলীকে পাকুন্দিয়া সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। আহত সোহেল মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে সরেজমিনে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আঞ্চলিক (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার (২০ জুন) শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।

‎‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, শিশুটিকে ডেকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। সেখানে তার সঙ্গে থাকা আরেকজন বাইরে পাহারা দেয়। শুক্রবার রাতে মেয়ে অসুস্থ বোধ করলে তাকে আগের দিনের ঘটনা জানায়। ওই কিশোর শিশুটিকে এ ঘটনা বাবা-মাকে বললে মেরে ফেলার ভয় দেখায়। এরপর শনিবার সকালে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পিরোজপুর হাসপাতালে পাঠান।

‎‎পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।  

‎নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৬) ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণে সহায়তাকারী আরেক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন। রবিবার (২১ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।

এর আগে শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সিফাতের ভাড়াবাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত (১৮), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখণ্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে মো. মমিন শেখ (১৮), সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে মো. সুমন শেখ (১৮)। এ ছাড়া পলাতক অভিযুক্ত হলেন মো. জাকির হোসেন। তার বিরুদ্ধে ভুক্তভোগী ও অন্য আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন ও প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। 

থানা​ পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে সিফাতের ভাড়াবাসায় ডেকে নিয়ে যান মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ লুকিয়ে পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জাকির। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ
সংগৃহীত ছবি

সম্পত্তির জন্য ভোলার চরফ্যাশনে এক ব্যক্তির লাশ দাফন নিয়ে তার চার স্ত্রীর সন্তানদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পাহারায় লাশ দাফন করা হয়। 

গতকাল শনিবার (২০ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল জলিল পণ্ডিত বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ৩টার দিকে রসুলপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিল পণ্ডিত হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পূর্বের চার স্ত্রীর ছেলেমেয়েরা বাড়িতে এসে তাদের ওয়ারিশ ও পাওনা সম্পত্তির হিসাব দাবি করেন।

এ সময় জলিল পণ্ডিতের চতুর্থ স্ত্রীর ঘরের মেয়ে খাদিজা আক্তার স্মৃতি দাবি করেন, তার বাবার কোনো সম্পত্তি নেই এবং অন্য কেউ কোনো অংশ পাবে না। এই নিয়ে তাদের প্রথম দফায় সংঘর্ষের সৃষ্টি হয়।

মৃত জলিল পণ্ডিতের চতুর্থ স্ত্রীর প্রাক্তন জামাতা খোকন অভিযোগ তোলেন যে, তার উপার্জিত সমস্ত টাকা-পয়সা এবং স্বর্ণালঙ্কার শ্বশুর ও স্ত্রী স্মৃতির কাছে গচ্ছিত ছিল, যা দিয়ে দুটি বসতঘর ও জমি কেনা হয়। কিন্তু ২০২৫ সালে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে তাকে তালাক দিয়ে চলে যায়। তার সম্পদ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাশ দাফন করতে দেবেন না বলে ঘোষণা দিলে স্থানীয়রা তাকে সমাধানের আশ্বাস দিয়ে শান্ত করেন।

​পরে লাশ দাফনের সময় পুনরায় দুইপক্ষের মাঝে বিরোধ বাধে। বড় তিন স্ত্রীর সন্তানদের দাবি—বাবা জীবিত থাকাকালীন ঘরের সামনে দাফন করার অসিয়ত করে গেছেন। অপর দিকে, চতুর্থ স্ত্রীর মেয়ে স্মৃতি দাবি করেন—লাশ বাড়ির বাইরে অন্য কোনো কবরস্থানে দাফন করতে হবে। এই নিয়ে দুইপক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হলে খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশি পাহারায় বসতঘরের সামনেই লাশ দাফন সম্পন্ন হয়। 

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং লাশ দাফন সম্পন্ন হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা | কালের কণ্ঠ