জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যা-ই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।’
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিহাতী শাজাহান সিরাজ কলেজগেট সংলগ্ন পাভেল মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ওপরে ওপরে জাতীয়তাবাদের কথা বলে ভেতরে ভেতরে কেউ ভারতের সঙ্গে, আবার কেউ অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে দেশের স্বার্থ ক্ষুন্ন করছে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের বিদেশমুখী বা স্বার্থবিরোধী রাজনীতি মেনে নেবে না।’
সারজিস আলম বলেন, ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির এই পদযাত্রা। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জেলা এনসিপির সদস্য মেহেদী হাসান বিন ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং কালিহাতী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাসেল মিয়া। এছাড়া কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।