• ই-পেপার

‘দিল্লী পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে’

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : এবার খুলশী থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক
ক্রিকেটার নাঈমকে নির্যাতন : এবার খুলশী থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে থানায় নেওয়া এবং থানায় দুর্ব্যবহার নিয়ে দিনভর আলোচনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলসী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে।

শনিবার রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানা যায়।

এর আগে নাঈম হাসানকে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।

এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বিজিবি। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি।

শনিবার (১৩ জুন) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল রহমতের বিল গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

এসময় বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪ বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনাক্ত মাদক চোরাকারবারিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

রামগতিতে সালিসি বৈঠকে হামলা, যুবদল-ছাত্রদলের ৬ নেতাসহ আহত ৩১

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতিতে সালিসি বৈঠকে হামলা, যুবদল-ছাত্রদলের ৬ নেতাসহ আহত ৩১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীরে মেয়েদের উত্ত্যক্তের ঘটনার মীমাংসা করতে ডাকা বৈঠকে সালিসদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদল-ছাত্রদলের ৬ নেতাসহ উভয়পক্ষের ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলার শিকার নেতারা হলেন- রামগতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. পারভেজ খান, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শাহাজাদা প্রিন্স, আলেকজান্ডার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম হাওলাদার, আলেকজান্ডার কামিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. আরাফাত হোসেন, চরবাদাম ইউনিয়ন যুবদল নেতা তুহিন ভুঁইয়া ও চরবাদাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেজবাহ উদ্দিন মেজু।

স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার (৮ জুন) চরকলাকোপা গ্রামের রাকিব, আরিফ ও হৃদয় নামের  কয়েকজন যুবক উপজেলার আলেকজান্ডার আসলপাড়া সংলগ্ন মেঘনা নদীতে ঘুরতে গিয়ে মোবাইল ফোনে কয়েকজন নারী দর্শনার্থীদের ছবি ও ভিডিও ধারণ করে। এসময় স্থানীয় ছাত্রদল নেতা আরাফাত হোসেন তাদের বাধা দিলে উভয়ে তর্কে জড়ায়।

পরে স্থানীয় ইউপি সদস্য বাবুল মেম্বার দুই পক্ষের কথা শুনে তাদেরকে সতর্ক করে ওই স্থান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাকিব, আরিফ ও হৃদয়ের লোকজন কয়েকটি মোটরসাইকেল যোগে আবারও নদীর তীর এসে আরাফাতের সঙ্গে বাগবিণ্ডায় লিপ্ত হলে খবর পেয়ে আলেকজান্ডার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম হাওলাদার গিয়ে উভয়কে ধমক দিয়ে বিষয়টি নিয়ে পরে মিমাংসা করার প্রস্তাব দেন।

এ নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামের চৌরাস্তা মোড়ে উভয়পক্ষকে নিয়ে সমাধানের জন্য বৈঠকে বসেন। এসময় প্রতিপক্ষের শরীফ, হোরণ, সোহেল, রাসেল, ফারুক, আরিফ, মোমিন, কামাল, রিপন ও ফয়েলসহ স্থানীয় শতাধিক লোকজন সালিসদারদের ঘিরে ফেলে তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলম হাওলাদারের পক্ষের রিয়াদ, শান্ত, মজনু হাওলাদার, মো. জাকের, মো. রিদয়, জাহের হাওলাদার, আওলাদ ও মিল্লাদসহ ৮ জন আহত হয়।

প্রতিপক্ষের ফারুক, সোহেল, রুবেল, ইসরাফিল, আরিফ, খোকন, ইউছুফ, রিব্বান, শরীফ, জাবেদ, রিপন, জুয়েল, রিদয়, আয়েশা, আমেনা বেগম, শারমিন আক্তার, হাজরা বেগমসহ ১৭ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

হামলার শিকার আলম হাওলাদার ও তুহিন ভুঁইয়া বলেন, বিষয়টি মিমাংসা করার জন্য আমরা বসেছিলাম। সমাধানের জন্য আমাদেরকে ডেকে নিয়ে অপমান করার কোনো মানে হয় না। বৈঠক চলাকালে প্রতিপক্ষের শতাধিক লোকজন তাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রতিপক্ষের হামলায় সালিসদারসহ তাদের ১৪ জন আহত হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

প্রতিপক্ষের মো. ফজলে এলাহী বলেন, তারা এসে একতরফা সালিস করার চেষ্টা করলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারধর শুরু হয়। এ ঘটনায় তাদের ১৭ জনকে মারধর করেন বলে অভিযোগ করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মাটিবাহী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় শিবা রাণী (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের উমরাডাঙ্গী সড়কে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে এবং চাপোড়-পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেন। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টর ও চালককে থানায় নিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা‌ গ্রহণের প্রক্রিয়া চলছে।