পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়া সাক্ষরিত দলীয় প্যাডের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপ পরিচালনার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, ‘দলের জন্য আমার যে ভূমিকা ছিল, যে ত্যাগ ছিল এটা সমস্ত চাটমোহর উপজেলার মানুষ জানে। আমি দলকে ভালবেসে আবারও আগের মতো করে এগিয়ে যেতে চাই।’
তিনি আরো বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমার কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব কে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’




