• ই-পেপার

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা

সুপারির ডাঁটায় কৌশলে ইয়াবা পাচারচেষ্টা, মিরসরাইয়ে গ্রেপ্তার ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সুপারির ডাঁটায় কৌশলে ইয়াবা পাচারচেষ্টা, মিরসরাইয়ে গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আয়াস এবং পাবনা জেলার আমিনপুর থানার জাহিদুল শেখের ছেলে জাফর ইকবাল ও তার স্ত্রী মোছাম্মত জুথী।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আয়াসকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা সুপারির ছড়ার সাতটি ডাঁটা তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে আঠা দিয়ে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ থানার চেকপোস্টে ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পারিবারিক কাপড়-চোপড় বহনের একটি লাগেজের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো গোপন প্রকোষ্ঠ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জাফর ইকবাল ও তার স্ত্রী মোছাম্মত জুথীকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই অভিযানে দুই হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

নবীনগর ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়, দেখতে জনতার ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়, দেখতে জনতার ঢল
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শুরু হয়েছে আগাম উন্মাদনা। উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলমান মরহুম রফিকুল ইসলাম দেনু স্মরণে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অসংখ্য বিদেশি খেলোয়াড়দের আগমন ঘটে।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকে শুরু হয় দর্শকের আনাগোনা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শক সারিতে দাঁড়িয়ে খেলা দেখার জন্য হাজারো ফুটবলপ্রেমী জনতার ঢল দেখা যায়।

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকসহ প্রিয় দলের জার্সি গায়ে করতালিতে মাতিয়ে রাখে ফুটবল মাঠ। গাছের ডালে, বাউন্ডারি ওয়াল এমন কি বহুতল ভবনের ছাদ থেকে চিৎকার চেঁচামেচি করে প্রিয় দলের সমর্থন দিয়ে যাচ্ছিল ফুটবল ভক্তরা।

সেমিফাইনাল খেলায় নবীনগর পূর্ব ইউনিয়ন একাদশ এক শূন্য গোলে উপজেলার গোসাইপুর মায়াকানুন একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন। খেলায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. জাবেদুল ইসলাম।

এ সময় জাবেদুল ইসলাম বলেন, ‘আমার বাবা মরহুম রফিকুল ইসলাম দেনু স্মরণে দেড় লাখ টাকার ক্যাশ মানি উপহারে এই খেলাটির আয়োজন করার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে মাদক থেকে দূরে রেখে খেলার মাধ্যমে শারীরিক গঠন, সুন্দর ও সুশৃংখল একটি সমাজ প্রতিষ্ঠিত করা।’

ঘোড়াকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের

জামালপুর প্রতিনিধি
ঘোড়াকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের
সংগৃহীত ছবি

জামালপুরের মেলান্দহে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে জুলহাস মন্ডল নামে এক ঘোড়াগাড়ি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া এলাকার ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত জুলহাস মন্ডল (৪২) মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার মৃত আনার মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুলহাস মন্ডল তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীর ড্রেজার মেশিনে খনন করা গভীর অংশে ঘোড়াকে গোসল করাতে যান। নদীর তীরে ছেলেকে রেখে তিনি ঘোড়াকে পানিতে নামান। একপর্যায়ে ঘোড়াটি পানিতে ডুব দিলে জুলহাস মন্ডল সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে পানিতে ডুবে যান। এ সময় ঘোড়াটি ভেসে উঠলেও জুলহাস উঠতে পারেননি। পরে তাঁর ছেলে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান বলেন, ঘোড়াকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকবাহী হাউজবোট ‘ভ্রমণশৈলী’র ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নিঝুম (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।  

নিহত শিশুর স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নবনির্মিত ওই হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান বোট কর্তৃপক্ষ। হাওরে গোসল ও ভ্রমণ শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে যাওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত সে বোটটির চলন্ত মেশিনের মধ্যে পড়ে যায়।

হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। এটি পরিবার ও স্বজনদের নিয়ে ভ্রমণ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ে যাওয়ার সাথে সাথেই ইঞ্জিন বন্ধ করা হয়, তবুও  তাকে জীবিত উদ্ধার করা যায়নি। মেশিনের আঘাতে শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে সঙ্গে সঙ্গেই প্রাণ হারায়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, আমি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলাম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা | কালের কণ্ঠ