চন্দনাইশে মোহাম্মদ ইয়াছিন (১১) নামের এক মাদরাসাছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা শাহিন আকতার গত শনিবার (২১ জুন) রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ জিডি করেছেন।
ইয়াছিন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর হাসিমপুর সৈয়দাবাদ বহদ্দারপাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে। সে চন্দনাইশ পৌরসভার মোহাম্মদীয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জুন ইয়াছিন বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পর আর কোনো খোঁজখবর না পাওয়া যায়নি। এতে তার মা ও ভাই তাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো দিগ্বিদিক ঘুরছে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ মোহাম্মদ ইয়াছিনকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে।




