• ই-পেপার

ভাড়া পুনর্নির্ধারণের দাবি

চট্টগ্রাম মহানগরে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

  • জানাল মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভালুকায় নিষিদ্ধ যুবলীগের শপথ, ভিডিও ভাইরাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভালুকায় নিষিদ্ধ যুবলীগের শপথ, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া

শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২১ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় ‍যুবলীগের একদল নেতাকর্মী শপথ গ্রহণ করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। পরে শপথ গ্রহণের ভিডিওটি স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে প্রকাশিত হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে অংশগ্রহণকারীদের শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ এবং তার দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করতে দেখা যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি তার নজরে এসেছে। তবে ভিডিওটি প্রকৃতপক্ষে ভালুকা এলাকার কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মরিচের বীজ, রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ, শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষক-কিষানিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন চাষের জন্য জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৬০ জন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩২০ জন কৃষককে বীজ, সার ও বালাইনাশক প্রদান করা হবে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম কৃষকদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া প্রণোদনা যথাযথভাবে ব্যবহার করে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরো ১ জনের লাশ উদ্ধার

নিহতের সংখ্যা বেড়ে ৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরো ১ জনের লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদী থেকে উদ্ধার নিহত বুলবুল মিয়া।

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজের ৫ দিন পর গুলিবিদ্ধ বুলবুল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে  ৫ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারের পর আজ সোমবার লাশটি নিহত বুলবুলের স্বজনরা শনাক্ত করেন। এর আগে রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়রাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বুলবুল নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার হরজু মিয়া ছেলে এবং মোটরসাইকেল মেকানিক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, নিহত বুলবুল আলাল মুন্সি সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে গত ১৬ জুন ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে বুলবুল নিখোঁজ ছিলেন। পরে এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৫ দিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়রাবাদ মেঘনা নদীতে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। উদ্ধারের পর আজ সোমবার লাশটি বুুলবুলের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

স্থানীয় সূত্র আরো জানায়, আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে এলাকার বাইরে অবস্থান করছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার। মঙ্গলবার (১৬ জুন) ভোরে তারা স্পিডবোট যোগে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে। এ সময় ভাড়াটিয়া অস্ত্রধারীদের সহযোগিতায় নাজিম উদ্দিন সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। জবাবে নাজিম উদ্দিনের অনুসারীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করেছে বলে জানান স্থানীয়রা। ভোর থেকে শুরু হওয়া সংঘর্ষ ওই ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় ছড়িয়ে পড়ে এবং কয়েক দফায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নাজিম উদ্দিন সমর্থক অনিক (২০) নামে এক যুবক নিহত হন। সংঘর্ষের পর থেকেই আলাল মুন্সির সমর্থক প্রবাস ফেরত কাউছার মিয়া, আব্দুল লতিফ ও মোটরসাইক মেকানিক বুলবুল মিয়া নিখোঁজ ছিলেন। ঘটনার পরদিন (১৭ জুন) দুপুরে নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিৎরামপুর এলাকার মেঘনা নদী থেকে টেঁটাবিদ্ধ কাউছার মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজের দুইদিন পর (১৮ জুন) সকালে নিলক্ষার গোবিনাথপুর এলাকার মেঘনা নদী থেকে আব্দুল লতিফের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তাফা মিয়া। সেখানে চিকিসাধীন অবস্থায় রবিবার (২১ জুন) তার মৃত্যু হয়। এদিকে নিখোঁজের ৫ দিন পর গুলিবিদ্ধ বুলবুলের লাশ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করে নৌ পুলিশ। এনিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই প্রবাসীসহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন নাজিম উদ্দিন সমর্থক রাজু মিয়া।

নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের সংঘর্ষের পর এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে দুই গ্রুপের প্রধান নাজিম উদ্দিন ও আলাল মুন্সির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই তারা দুজন গা-ঢাকা দিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিখোঁজ বুলবুলের লাশ আড়াইহাজার উপজেলার নৌ পুলিশ উদ্ধার করেছে। উদ্ধারের পর নিহতের পরনের কাপড় দেখে লাশটি বুলবুলের বলে শনাক্ত করে তার স্বজনরা। পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহত অনিক ও কাউছারের পরিবার থানায় মামলা করেছে। অন্য তিনটি হত্যায় এখনো মামলা হয়নি জানান তিনি।

মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ফুলবরুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহিদ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফুলবরুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিবার সূত্র জানায়, ফুলবরুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম মহানগরে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত | কালের কণ্ঠ