• ই-পেপার

পর্যটক খরা কাটিয়ে কক্সবাজার সৈকতে 'কাঙ্ক্ষিত' ভিড়

গাজীপুরে একাধিক স্থানে ‘টর্চার সেল’ রয়েছে, দাবি সংসদ সদস্যের

নিজস্ব প্রতিবেদক গাজীপুর
গাজীপুরে একাধিক স্থানে ‘টর্চার সেল’ রয়েছে, দাবি সংসদ সদস্যের
সংগৃহীত ছবি

গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে উঠেছে বলে দাবি করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে এসব টর্চার সেল কারা গড়ে তুলেছে, তা তদন্ত করে দেখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।রবিবার (১৪ জুন) গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া। সভায় জেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, গাজীপুরের অন্তত ৩ থেকে ৪টি জায়গায় টর্চার সেল গড়ে উঠেছে, এটা কাম্য নয়। কারা এসব সেল গড়ে তুলেছে তা তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এসব অপকর্মের সঙ্গে সরকার দলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একটি নির্ভুল তালিকা প্রণয়নের দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরো জোরদার করার তাগিদ দেন তিনি।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেছে। কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য দিক তুলে ধরে জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ মহল্লায় সম্প্রতি বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এ ছাড়াও জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা
সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে পাটজাত বস্তা ব্যবহার না করে ক্ষতিকর প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৪ জুন) উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের  সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

জানা যায়, উপজেলার জামালপুর বাসাইর বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক দুটি মামলায় চাল বিক্রেতা সিফাত উল্লাহকে ৩ হাজার টাকা ও আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাজীপুর পাট উন্নয়ন অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা  কৃষিবিদ মো. আজিমউল ইসলাম ও পেশকার ছিলেন মাহবুবুল ইসলাম।

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনায় গ্রহক নিজেই বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মোমিনুল হকের আদালতে হাজির হয়ে তিনি মামলাটি করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন রাজধানীর মিরপুর-১-এর ১৮৪ আহমেদনগর, পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেলসহ মোট ছয়জন।

আদালত সূত্র জানায়, গত ১ থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের অ্যাকাউন্ট থেকে সর্বমোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যান। এতে ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার ফোনকল ও মেসেজের মাধ্যমে গ্রাহককে অবগত করা হয়নি। গত ৭ জুন দুপুরে তিনি ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নম্বর থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। 

পরে অনুসন্ধান করে দেখা যায়, এনআরবিসি ব্যাংকের গ্রাহক রাজধানীর মিরপুর-১-এর শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারীর অ্যাকাউন্ট, পুবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের অ্যাকাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নাম্বারে ট্রান্সফার করা হয়। 

এ ঘটনায় হাসান মজুমদার বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের বিষয়ে ইসলামী ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।  

ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলতে গেলে অবশ্যই তার ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরণে কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই। আদালত আমাদের কাছে চাইলে সহযোগিতা করবো।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, হাসান মজুমদারের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে আমরা মামলা করেছি। বিচারক মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশকে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ নিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
ছবি : এআই দিয়ে প্রস্তুত করা

টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুর উপজেলার থলপাড়া গ্রামের জুয়েল তালুকদারের গাড়াইল এলাকার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়র সূত্র জানা যায়, সকালে ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে যান রায়হান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, রায়হান ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই ছাদে টাঙানো পতাকা নামানো ও উত্তোলনের কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবারও ছাদে গিয়ে পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।

পরিবারের সদস্যরা জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন সকালে তিনি হঠাৎ করে ছাদে যান এবং কিছুক্ষণ পর নিচে পড়ে যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পর্যটক খরা কাটিয়ে কক্সবাজার সৈকতে 'কাঙ্ক্ষিত' ভিড় | কালের কণ্ঠ