• ই-পেপার

ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই যুবকের মৃত্যু

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি
সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টঙ্গীর তুরাগ নদে ৭ লাশ বলে গুজব রটনাকারীদের ধরতে সকলের সহযোগিতা চেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ জুন) রাতে জিএমপির পক্ষে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠ এ তথ্য জানান।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাতে অতিরিক্ত কমিশনার বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জিএমপি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে।

তিনি বলেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য তথ্য প্রচারে সহযোগিতা করার আহ্বান জানাই। পাশাপাশি গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তুরাগ নদে ৭ জনকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে ও ৩টি লাশ উদ্ধার হয়েছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে আজ পুলিশ সদর দপ্তর বিবৃতি দিয়ে এ খবর ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। এরপর তুরাগ নদের উত্তর তীরে অবস্থিত জিএমপি এ ঘোষণা দিল।

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছ বিতরণ করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এসময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও এখন বিষাক্ত হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ রাজনীতিকে কলুষিত করছে।’ একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজনীতিকে দূষণমুক্ত করতে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি দেশের রাজনীতিতেও এখন বিষাক্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী প্রজন্মের জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ রাজনীতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সমাজ ও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে। কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।’ পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিফাত (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বালাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রিফাত ওই গ্রামের রহিম মৃধার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানা পুলিশ জানায়, যুবক রিফাতের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ এবং ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বাঞ্ছারামপুরে ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ
ছবি ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ছাগল ব্যবসায়ীর অমানবিক কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। ভিডিওতে দেখা গেছে, অতি মুনাফার আশায় পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে একটি ছাগল মোটাতাজা করার দৃশ্য। আর এই ভিডিও’র জের ধরে নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ উঠেছে কৃত্রিমভাবে ছাগলের ওজন বাড়ানোর।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা গা-ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাগল ব্যবসায়ী চাঁন বাদশা উপজেলার কড়ুইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। ঘটনাটি অমানবিক উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে  জানা গেছে, বুধবার সকালে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে রূপসদীর বালুয়াকান্দি হাটে আসেন চাঁন বাদশা। আর তখনই রুপসদী ইউনিয়ন ভূমি অফিসের জনৈক কর্মচারী সাহসিকতার সঙ্গে ‘ছাগলটির ওজন বাড়াতে তিনি পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর’ ভিডিওটি লাইভ ফেসবুকে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি দুই পায়ের মাঝে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। এ সময় আরেক ব্যক্তি পাইপ দিয়ে ছাগলটির মুখে পানি ঢালছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে চাঁন বাদশা আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে চাঁন বাদশার ভাতিজা সাগর মিয়া (রাদেন) মোবাইল ফোনে জানান, তার চাচা গ্রাম থেকে ছাগল কিনে বাজারে বিক্রি করেন। মালিকানা বদলের পর অনেক সময় ছাগল খাবার খেতে চায় না। তাই অসুস্থ মনে হওয়ায় তাকে পানি খাওয়ানো হয়েছিল। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে সেদিন ছাগলটি বিক্রি করা যায়নি। বর্তমানে সেটি বাড়িতেই রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারী ওই ব্যক্তি কালের কণ্ঠকে বলেন, বিষয়টি আমার কাছে অমানবিক মনে হয়েছে। ছাগলটিকে যখন জোর করে নল দিয়ে পানি খাওয়ানো হচ্ছিল, আমি কষ্ট পেয়েছি। ভিডিও করায় ব্যবসায়ী আমাকে বিরত রাখতে হুমকি দেয়। আমার ছবি তুলে রাখে। আমি বাধা দিয়েছিলাম, আমার কথা শুনেনি।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এ প্রতিনিধিকে  বলেন, বিষয়টি প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি।

অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এটা একেবারেই অমানবিক। অভিযুক্ত ব্যবসায়ী চান বাদশা ও তাকে সহায়তাকারীকে আইনের আওতায় আনা হবে।

এদিকে, ছাগলকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ রাত ১০টায় সাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন। তিনি বলেন, পুলিশের একাধিক টিম মূল আসামিকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে।

ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই যুবকের মৃত্যু | কালের কণ্ঠ