• ই-পেপার

জিয়া পরিবার বারবার আগস্টকেই বেছে নিয়েছে : তোফায়েল

নাটোরে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলায় টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে আরিয়ান আহমেদ রাফসান (১ বছর ১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার শিবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলামের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির উঠানে খেলছিল আরিয়ান। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য তৈরি ছোট ডোবায় পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটির মামী লিপি আক্তার টিউবওয়েলের পাশে গিয়ে পানিতে তাকে ভাসতে দেখে চিৎকার করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, ভেজাল মসলা বিক্রি, পণ্যে প্রস্তুতকারক বা সরবরাহকারীর সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

ফরিদপুর

দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ কারাগারে
ছবি: কালের কণ্ঠ

সরকারি নিবন্ধিত দলিলের গুরুত্বপূর্ণ অংশ ফ্লুইড দিয়ে মুছে ও ঘষামাজা করে জমির মালিকানা পরিবর্তনের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৫ জুলাই) ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউসুফ আলী। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্র জানায়, মামলার প্রধান আসামি ইউসুফ আলী এর আগে হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। হাইকোর্ট তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হলেও জামিন পাননি তিনি।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৭ সালের ১৫ মে ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত একটি হেবা ঘোষণাপত্রের মূল কপির ষষ্ঠ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ পরিকল্পিতভাবে পরিবর্তন করা হয়। অভিযোগ রয়েছে, দলিলে থাকা একটি অংশ ফ্লুইড দিয়ে সম্পূর্ণ মুছে ফেলা হয়। পরে ঘষামাজা করে পরিবর্তিত অবস্থায় দলিলটি বালামভুক্ত করা হয় এবং দাপ্তরিক স্বাক্ষরও সম্পন্ন করা হয়।

দুদকের দাবি, এভাবে দলিলের প্রকৃত তথ্য গোপন করে অভিযোগকারী মো. খলিলুর রহমানকে তার প্রাপ্য ৯ শতাংশ জমির দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী ছাড়াও তুলনাকারক মো. মেহেদী হাসান, নকলকারক মনোয়ার হোসেন, পাঠক মো. জাহিদ শেখ এবং দলিলদাতা মো. জিন্নাহ শেখকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জাল-জালিয়াতি, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং অসৎ উদ্দেশ্যে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দুদকের ফরিদপুর কার্যালয়ের কোর্ট পরিদর্শক শামীম আহমেদ বলেন, তদন্তে যদি এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর
সংগৃহীত ছবি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) এবং রফিকুল মাতুব্বর (২৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে। তারা দুজন বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, ‘সাকুরা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

জিয়া পরিবার বারবার আগস্টকেই বেছে নিয়েছে : তোফায়েল | কালের কণ্ঠ