হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিঠুর চক গ্রামের এক দরিদ্র নারীর ঘরে রয়েছে মাত্র দুটি বৈদ্যুতিক বাতি ও একটি ফ্যান। অথচ চলতি মাসে তার নামে এসেছে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকার বিদ্যুৎ বিল। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী তানিয়া আক্তার সুমা জানান, তাদের পরিবারের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে থাকে। কিন্তু এবার কোটি টাকার বিল হাতে পেয়ে তারা হতবাক হয়ে যান। পরে বুঝতে পারেন, এটি নিশ্চয়ই কোনো ভুল।
রবিবার (২৮ জুন) বিলটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। একটি দরিদ্র পরিবারের নামে কীভাবে এমন অস্বাভাবিক বিল তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এ ধরনের ভুল সাধারণ গ্রাহকদের অযথা হয়রানি ও মানসিক চাপের মুখে ফেলে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিল প্রস্তুতের আগে আরও সতর্ক যাচাই-বাছাই নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয় জানায়, কম্পিউটারে তথ্য এন্ট্রির সময় সংখ্যাগত ভুল হওয়ায় এমন বিল তৈরি হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পরই বিল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহককে প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।
হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, তথ্য ইনপুটের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিল সংশোধন করা হয়েছে। তাই গ্রাহকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।





