• ই-পেপার

বাউফলে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি হাট থেকে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।

সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান তিনি। এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাঁধা দিচ্ছে। সেই সঙ্গে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে তারা টাকা আদায় করছে।

তিনি আরো অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে মারধর করা হচ্ছে। কিছু বললে উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। সঠিকভাবে সরকারিভাবে পাওয়া হাটের ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিস্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযুক্ত সোহাগ সরকার বলেন, ‘আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।’

হবিগঞ্জ

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ঠেলে পাঠানো বা পুশ ইনের অপতৎপরতা  মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। গত কয়েকদিন ধরে সীমান্ত পাহারায় বিজিবির বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। 

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা বাগানের কর্মী ও খেটে খাওয়া সাধারণ মানুষও দিন-রাত পরিশ্রম করছে। 

বিজিবি জানায়, সম্প্রতি ভারত থেকে পুশ ইনের মতো অপচেষ্টা বেড়ে যাওয়ায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে  নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শক্তিশালী সমন্বয় গড়ে তোলা হয়েছে। 

সূত্র জানায়, স্থানীয় চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে যুক্ত হয়ে পুশ ইন প্রতিরোধ ও এ সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে সক্রিয় অংশ নিচ্ছেন। এই ঐক্যবদ্ধ  হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশ ইন বা অনুপ্রবেশ ঘটতে পারেনি।

গত ২৭ ও ২৮ জুন ২০২৬ তারিখ রাতে ও ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতে নিরাপত্তা লাইট বন্ধ করে একাধিক পুশ ইনের অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে। সীমান্তসংলগ্ন এলাকাবাসীর সতর্ক অবস্থান ও তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাইকে নিয়ে একটি অটুট সেতুবন্ধন গড়ে তুলেছি। 

 ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, দেশের সীমান্ত রক্ষায় সব শ্রেণি পেশার মানুষের এই দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তের প্রতিইঞ্চি পাহারা দিচ্ছি। যেকোনো পুশ ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক
সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলিতে মাদরাসাপড়ুয়া (১০) বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রবিবার (২৮ জুন) মাদরাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান সাজ্জাদ হোসেন। পরে ওই শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কাউকে বললে হত্যার হুমকি দেন। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বললে জানাজানি হয় এবং একপর্যায়ে আজ অভিযুক্তকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে, মামলা হলে আসামিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।’

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু
সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ভ্যানচালক একেন আলী মোল্লা (৫৮) মারা গেছেন। সোমবার (২৯ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার পথে মধ্যরাতে তার মৃত্যু হয়। তিনি বগুড়া গ্রামের আদালত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপার বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর আওয়াল এবং সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৫ জুন) সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। জামিরের পক্ষের লোকজনের ধারণা ছিল, সভাপতি আব্দুর আওয়ালের সমর্থক মতিয়ার রহমানই পুলিশকে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছেন।

এই ঘটনার জের ধরে ওই দিনই জামিরের লোকজন মতিয়ারের ওপর হামলা চালান। পরবর্তীতে আওয়ালের সমর্থকরা পাল্টা তার দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান। উভয়পক্ষের এই উত্তেজনা রূপ নেয় বড় সংঘর্ষে। শনিবার (২৭ জুন) সকালে জামির হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর আওয়ালের লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালান। হামলায় অন্তত ৫টি বাড়িঘর ভাঙচুরসহ ভ্যানচালক একেন আলী মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। একেন আলী মোল্লা আহত হওয়ার পর যে মামলাটি করা হয়েছিল সেটা হত্যা মামলায় রুপান্তরিত করা হবে।

বাউফলে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২ | কালের কণ্ঠ