• ই-পেপার

চুনারুঘাটে চা বাগানের কুয়া থেকে বিপন্ন বনরুই উদ্ধার

  • একনজর দেখতে উৎসুক জনতার ভিড়

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ আটক ২, নিহত ১

মোংলা প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ আটক ২, নিহত ১
সংগৃহীত ছবি

সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ান যৌথভাবে টানা দুই দিন বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের বহনকারী দুটি বোট শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। তবে সংকেত অমান্য করে ডাকাতরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় ডাকাতদের একটি বোটে আগুন ধরে যায় এবং অপর একটি বোট ডুবে যায়। এ সময় কোস্ট গার্ড ২১৬ রাউন্ড তাজা গুলি ও একটি ব্ল্যাঙ্ক কার্টিজ ফায়ার করে।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম (৫০) এবং ডাকাত শওকত সরদারকে (৫৫) উদ্ধার করে আটক করা হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযান চলাকালে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে চিরুনি অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় ইসরাফিল হাওলাদার (২৬) নামে আরেক ডাকাতকে আটক করা হয়। পরে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটক রবিউল ইসলাম ও নিহত শওকত সরদার খুলনার কয়রা উপজেলার এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযান শেষে সুন্দরবনের আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ডাকাতদের ব্যবহৃত ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ এবং নিহত ডাকাতের মরদেহ পরবর্তী আইনি ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ

লোডশেডিংয়ে বিপর্যস্ত তাঁতশিল্প, সড়কে মালিক-শ্রমিক

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
লোডশেডিংয়ে বিপর্যস্ত তাঁতশিল্প, সড়কে মালিক-শ্রমিক
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে শনিবার ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের  প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁত মালিক ও শ্রমিকরা। এ সময় তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৭ জুন) দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষ্মীকোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁত মালিক ও শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

বিক্ষোভকারীরা লোডশেডিং বন্ধ করতে হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে ইত্যাদি স্লোগান দেন। পরে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে সমাবেশ শেষ করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে তাঁতকলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায়  বন্ধ রাখতে হচ্ছে তাঁতকল। এতে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং কমে যাচ্ছে শ্রমিকদের কাজের ক্ষেত্রও।

সমাবেশে পূর্ব লক্ষ্মীকোলা এলাকার তাঁত মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে মো. মোত্তাকি বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁতকলের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সময়মতো অর্ডারের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এতে মালিক-শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘বিদ্যুতের সমস্যায় শুধু তাঁতকল নয়, সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নিজামুল ইসলাম বলেন, বিক্ষোভের সময় আমি কার্যালয়ে ছিলাম না। তবে বিক্ষোভকারী মালিক ও শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তিনি বলেন, তাঁতকলের সংযোগ লাইনটি অনেক পুরনো হওয়ায় অধিকাংশ সময় নানা ত্রুটি দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়।

কুমিল্লায় প্রতিবন্ধী যুবককে জবাই করে হত্যা, নারী আটক

লালমাই-সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় প্রতিবন্ধী যুবককে জবাই করে হত্যা, নারী আটক
সংগৃহীত ছবি

কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েত রহমান বাহার (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে ঘরে ডেকে নিয়ে গলা কেটে (জবাই করে) হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জুমা আক্তার নামে সেই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় সৌদিপ্রবাসী সুমন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শারীরিক প্রতিবন্ধী এনায়েত রহমান ও প্রবাসী সুমন চৌধুরী প্রতিবেশী। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সুমন চৌধুরী প্রায় এক মাস আগে দেশে ছুটিতে এসে তার স্ত্রীর প্রতি নিহতের অসদাচরণের অভিযোগ তোলেন। কিন্তু  নিহত এনায়েত রহমান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। গত চার দিন আগে সুমন আবারও সৌদি আরব ফিরে যান। আজ ফজরের নামাজের পর শারীরিক প্রতিবন্ধী এনায়েত রহমান হাঁটতে বের হন। তখন সুমনের স্ত্রী তাকে ঘরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।

নিহতের মা নেহারা বেগম বলেন, ‘আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিল। দুই হাতের কবজি ও আঙুল অকার্যকর থাকায় স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারত না। প্রতিবেশীদের সঙ্গে জমি ও সীমানা নিয়ে বিরোধ ছিল। আজ সকালে ফজরের নামাজের পর হাঁটতে বের হলে আমার ছেলেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে ওই নারী। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করছি।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেললাইনে বসে ফোনালাপ, নাটোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোর প্রতিনিধি
রেললাইনে বসে ফোনালাপ, নাটোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু হোসেন (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু হোসেন লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মধু হোসেন রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি ওই পথে অতিক্রম করলে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চুনারুঘাটে চা বাগানের কুয়া থেকে বিপন্ন বনরুই উদ্ধার | কালের কণ্ঠ